গুরুদাসপুরে অগ্নিকাণ্ডে মা ও শিশুর মৃত্যু, আহত ২
নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক মা ও তার এক বছরের শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।৯ ফেব্রুয়ারি সোমবার ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া গ্রামের রান্টুর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।নিহতরা হলেন ওই গ্রামের বাসিন্দা রান্টুর স্ত্রী গৃহবধূ আতিয়া (২২) এবং তাদের এক বছরের কন্যা রওজা। অগ্নিকাণ্ডে গুরুতর দগ্ধ হয়ে রান্টুর মা মনেকা বেগম (৫৫) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া গৃহকর্তা রান্টুও আহত হন।নিহতদের স্বজন ও এলাকাবাসী জানান, গোয়ালঘরে রাখা কয়েল থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে প্রতিবেশীদের চিৎকারে পরিবারের সদস্যদের ঘুম ভাঙে। এ সময় আতিয়া তার দুই সন্তানকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। বড় ছেলে এলাহী (৯)কে নিরাপদে বের করতে পারলেও ছোট মেয়ে রওজাকে উদ্ধার করতে গিয়ে তিনি আগুনে আটকা পড়েন। একপর্যায়ে আগুনের তীব্রতায় খাটের নিচে আশ্রয় নিলেও শেষ পর্যন্ত মা ও মেয়ের মৃত্যু হয়।নিহতের জা আল্পনা বেগম জানান, অগ্নিকাণ্ডে তাদের তিনটি বসতঘর, একটি গোয়ালঘর ও একটি রান্নাঘর সম্পূর্ণ পুড়ে গেছে। পাশাপাশি প্রতিবেশী মিকজার আলী প্রামানিকের একটি মুদি দোকান ও একটি ঘরও ভস্মীভূত হয়েছে। আগুনে ঘরের আসবাবপত্র, ফসলসহ ১২টি ছাগল ও দুটি গরু পুড়ে মারা গেছে।উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার আতাউর রহমান জানান, খবর পেয়ে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং সেখান থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে তাৎক্ষণিকভাবে ৪০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন। এ ছাড়া শুকনা খাবার ও কম্বল বিতরণ করা হয়। পরবর্তীতে ঢেউটিন ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলেও তিনি জানান।এ সময় সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার এবং দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।