ছাতকে জামায়াতের নারী কর্মীদের ওপর হেনস্তার অভিযোগ, বিএনপির দুঃখ প্রকাশ
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারী কর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও হেনস্তার অভিযোগ উঠেছে। এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে জামায়াতে ইসলামী।৮ ফেব্রুয়ারি রোববার দুপুরে ঘটনার প্রতিবাদে ছাতক উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার।লিখিত বক্তব্যে তিনি জানান, ৭ ফেব্রুয়ারি শনিবার বিকেলে উত্তর খুরমা ইউনিয়নের সেওতরপাড়া গ্রামে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে কয়েকজন নারী কর্মী প্রচারণা ও লিফলেট বিতরণে অংশ নেন। এ সময় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আজিজুর রহমান তাদের প্রচারণায় বাধা দেন এবং নারী কর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও হুমকি প্রদান করেন বলে অভিযোগ করা হয়। পাশাপাশি তাদের প্রচারণা বন্ধ করতে বলা হয়।তিনি আরও জানান, ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এর প্রতিবাদে শনিবার সন্ধ্যার পর গোবিন্দগঞ্জ এলাকায় জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন এবং কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করেন। বিক্ষোভকারীরা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।এদিকে, বিষয়টি নিয়ে ছাতক উপজেলা বিএনপি আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে। উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুলের স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, উত্তর খুরমা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আজিজুর রহমানের আচরণে দল মর্মাহত। একই সঙ্গে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আসন কমিটির মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য শাহ আলম, ছাতক উপজেলা জামায়াতের আমীর মাওলানা আকবর আলী, দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর ডা. হারুন রশীদ, ছাতক পৌর জামায়াতের আমীর প্রকৌশলী নোমান আহমদ, ছাতক উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মনসুর আহমদ, সেক্রেটারি হাফিজ মাওলানা জাকির হোসাইন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মিজানুর রহমানসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।