ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে সরকারি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে উপজেলা কৃষকদলের আহ্বায়ক মনির উদ্দিন তালুকদারসহ দুইজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ২ লাখ ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

৭ ফেব্রুয়ারি শনিবার দুপুর ১টার দিকে উপজেলার নোয়ারাই ইউনিয়নের লক্ষিবাউর এলাকার নাইন্দার হাওর থেকে তাদের আটক করা হয়।


দণ্ডপ্রাপ্ত মনির উদ্দিন তালুকদার লক্ষিবাউর গ্রামের মৃত আলতাব আলী তালুকদারের ছেলে। তিনি সাবেক ইউপি সদস্য এবং হাওরের বেরিবাঁধ রক্ষা প্রকল্পের (পিআইসি) ৬ নম্বর কমিটির সভাপতি বলে স্থানীয় সূত্রে জানা গেছে। অপর দণ্ডপ্রাপ্ত ব্যক্তি এক্সকাভেটর চালক সাজিদ মিয়া, তিনি কাড়ইলগাঁও গ্রামের মৃত মতকিন আলীর ছেলে।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, নোয়ারাই ইউনিয়নের লক্ষিবাউর এলাকায় সরকারি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা ও বিক্রির অভিযোগের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোজাহিদুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে মনির উদ্দিন তালুকদার ও এক্সকাভেটর চালক সাজিদ মিয়াকে আটক করা হয়।
আটক দুইজনকে সরকারি গাড়িতে নিয়ে যাওয়ার সময় স্থানীয় কিছু লোক বাধা দেওয়ার চেষ্টা করে বলেও জানা গেছে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে ওই এলাকায় অবৈধ মাটি উত্তোলন বন্ধের নির্দেশ দেওয়া হয়।
এ বিষয়ে ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোজাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ফসলি জমির মাটি বিক্রির বিষয়ে তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই অভিযান পরিচালনা করা হয়েছে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বালু ও মাটি উত্তোলন কিংবা বিক্রির কোনো সুযোগ নেই।’
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কুমার পাল জানান, ‘নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে অনিয়মের প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট এক সাবেক ইউপি সদস্য ও এক্সকাভেটর চালককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দণ্ড প্রদান করা হয়েছে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available