খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা
স্পোর্টস ডেস্ক: খেলার মাঠে শৃঙ্খলা ও দায়িত্ববোধের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন জাপানের সমর্থকরা। ম্যাচ শেষে গ্যালারি ত্যাগের আগে তারা স্টেডিয়াম পরিষ্কার করে তবেই বের হন।জাপানি সমর্থকদের এই আচরণ নতুন নয়। ২০২২ সালের কাতার বিশ্বকাপেও প্রতিটি ম্যাচ শেষে তাদের গ্যালারি পরিষ্কার করার দৃশ্য বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছিল। শুধু নিজেদের দলের ম্যাচ নয়, অন্যান্য ম্যাচ দেখার পরও তারা একইভাবে দায়িত্ব পালন করেন।যুক্তরাষ্ট্রে চলমান একটি টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র করে জাপান। তবে ম্যাচের ফলাফলের পাশাপাশি আলোচনায় আসে জাপানি সমর্থকদের শৃঙ্খলাপূর্ণ আচরণ।ম্যাচ শেষে ডালাসের স্টেডিয়ামে দেখা যায়, গ্যালারিতে পড়ে থাকা পানির বোতল, খাবারের মোড়কসহ বিভিন্ন ধরনের আবর্জনা তারা নিজেরাই সংগ্রহ করছেন। এরপর সেগুলো নির্ধারিত বর্জ্যস্থানে নিয়ে গিয়ে পুরো গ্যালারি পরিষ্কার করেন।ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্বের বিভিন্ন প্রান্তের ফুটবলপ্রেমীরা তাদের দায়িত্ববোধ ও নাগরিক আচরণের প্রশংসা করেন।বিশেষজ্ঞদের মতে, এটি জাপানের ক্রীড়া সংস্কৃতির অংশ। দেশটির ঘরোয়া লিগসহ বিভিন্ন খেলায়ও সমর্থকদের ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করতে দেখা যায়। তাদের বিশ্বাস, দর্শক হিসেবে খেলা উপভোগ করার পাশাপাশি পরিবেশ পরিষ্কার রাখার দায়িত্বও তাদেরই।বারবার এমন দৃষ্টান্ত বিশ্ব ক্রীড়াঙ্গনে জাপানি সমর্থকদের আলাদা মর্যাদায় স্থান করে দিয়েছে।সূত্র: বিবিসি, রয়টার্স