গজারিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার
গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে কিশোর গ্যাং লিডারের বসতবাড়ি থেকে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের উদ্দেশ্য ছিল পুলিশের নজরদারিতে থাকা একটি দুষ্কৃতিকারীদের কার্যক্রম দমন এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা।গজারিয়া আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে সেনাবাহিনী দেশজুড়ে বিশেষ অভিযান পরিচালনা করছে।এরই ধারাবাহিকতায় সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীন গজারিয়া আর্মি ক্যাম্প শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা থেকে ভোর পর্যন্ত গুয়াগাছিয়া এলাকায় তল্লাশি অভিযান চালায়।গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে পুলিশের তালিকাভুক্ত ‘নৌ ডাকাত’ নয়নের ছেলে ও স্থানীয়ভাবে পরিচিত কিশোর গ্যাং লিডার নিরবের বাড়ি থেকে একটি শুটার গান, দুই রাউন্ড গুলি, অস্ত্র তৈরির কিছু সরঞ্জাম এবং তিনটি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তবে অভিযানকালে নিরবকে বাড়িতে পাওয়া যায়নি।উদ্ধার করা আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্র পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গজারিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।ক্যাম্পের অপারেশন অফিসার বলেন, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী দৃঢ় প্রতিজ্ঞ। সন্ত্রাস, নাশকতা ও মাদকবিরোধী কার্যক্রমে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।