নারায়ণগঞ্জে গুদারাঘাটের সিডিউল জমা দেওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৫
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সদর উপজেলায় গুদারাঘাটের সিডিউল জমা দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপ ও এনসিপি সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন।২১ এপ্রিল মঙ্গলবার দুপুরে সদর উপজেলা কার্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।সূত্র জানায়, বক্তাবলী রাজাপুর গুদারাঘাটের সিডিউল জমা দিতে গেলে বিএনপির নজরুল গ্রুপ ও রশিদ মেম্বার গ্রুপ এনসিপি সমর্থিত আলিফ দেওয়ান গ্রুপকে বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা শুরু হয়, যা পরে ধাক্কাধাক্কি এবং সংঘর্ষে রূপ নেয়। দুপুর ২টা পর্যন্ত থেমে থেমে উত্তেজনা বিরাজ করে। এতে এনসিপি সমর্থক তরিকুল ইসলামসহ কয়েকজন আহত হন।প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টার দিকে টেন্ডার ড্রপের সময় ধাক্কাধাক্কির মধ্যেই এনসিপির সমর্থকরা সিডিউল জমা দেওয়ার চেষ্টা করেন, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।এনসিপি-সমর্থিত আলিফ দেওয়ান অভিযোগ করেন, নির্ধারিত সময়ে সিডিউল জমা দিতে গেলে বিএনপির লোকজন বাধা দেয়, ফলে তিনি সিডিউল জমা দিতে পারেননি। হামলায় তাঁর কর্মী তৌহিদ আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি। এছাড়া তরিকুল ইসলাম বাধার মুখেও সিডিউল জমা দিতে সক্ষম হলেও আরও কয়েকজন আহত হন।এদিকে বিএনপিপন্থী রশিদ মেম্বারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।ফতুল্লা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, ইজারার সিডিউল জমা দেওয়া নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন বলেন, সিডিউল জমা দেওয়া নিয়ে এক পক্ষ অন্য পক্ষকে বাধা দেওয়ায় উত্তেজনা সৃষ্টি হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।