• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ সকাল ১০:৫৬:১৫ (20-Mar-2026)
  • - ৩৩° সে:
ডিএসসিসি নির্বাচনে কাউন্সিলর প্রার্থী খুঁজছে এনসিপি

ডিএসসিসি নির্বাচনে কাউন্সিলর প্রার্থী খুঁজছে এনসিপি

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে প্রার্থী খোঁজা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।১০ মার্চ মঙ্গলবার দলের দপ্তর সম্পাদক মো. আসিফ উদ্দিন সম্রাট স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ৭৫টি সাধারণ ওয়ার্ড এবং ২৫টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদের জন্য যোগ্য, সৎ ও জনমুখী প্রার্থীদের স্বতঃস্ফূর্তভাবে দলের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।এনসিপি মনে করে, একটি আধুনিক, বাসযোগ্য ও জবাবদিহিমূলক শহর গড়ে তুলতে দক্ষ এবং জনগণের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত নেতৃত্ব অপরিহার্য। দলটির মতে, তৃণমূল থেকে উঠে আসা জনপ্রিয় ও পরিচ্ছন্ন ভাবমূর্তির প্রার্থীরা জনসেবায় নিবেদিত থাকলে নগর উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনগণের অংশগ্রহণমূলক রাজনীতি ও যোগ্য নেতৃত্বের সমন্বয়েই ঢাকাকে একটি নিরাপদ ও মানবিক নগরীতে রূপান্তর করা সম্ভব। এ লক্ষ্য বাস্তবায়নে সৎ ও যোগ্য প্রতিনিধি নির্বাচনের ওপর গুরুত্ব দিচ্ছে দলটি।প্রার্থী হিসেবে আগ্রহীদের জন্য এনসিপি কিছু যোগ্যতা নির্ধারণ করেছে। এর মধ্যে রয়েছে জনসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের অভিজ্ঞতা, সৎ ও দায়িত্বশীল নেতৃত্বের মানসিকতা, নিজ নিজ ওয়ার্ডে সামাজিক গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা এবং নগর সমস্যা ও নাগরিক সেবার বিষয়ে সুস্পষ্ট ধারণা।আগ্রহী প্রার্থীদের দলের নির্ধারিত ফরমে সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত, রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের বিবরণ এবং সংশ্লিষ্ট ওয়ার্ড নিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জমা দিতে বলা হয়েছে। জমা পড়া আবেদন যাচাই-বাছাই শেষে যোগ্য প্রার্থীদের চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হবে।বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া জানতে আগ্রহীরা ই-মেইল (info.joinncp@gmail.com) অথবা হটলাইন নম্বরে (+৮৮ ০১৩২১ ২১৪ ২১৪) যোগাযোগ করতে পারবেন।