আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালিতে আটকে পড়া ১১ হাজারের বেশি নাবিককে সরিয়ে নিতে অভিযান শুরু করেছে জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির লক্ষ্যে স্বাক্ষরিত সমঝোতার পর এ উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয় সময় ২৩ জুন মঙ্গলবার এক বিবৃতিতে আইএমও মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গেজ জানান, ইরান, ওমান, উপসাগরীয় দেশগুলো, যুক্তরাষ্ট্র এবং সামুদ্রিক শিল্প সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এই উদ্ধার কার্যক্রম পরিচালিত হবে।
তিনি বলেন, নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। খবর আল জাজিরার।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত শুরুর পর হরমুজ প্রণালিতে চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। এতে শত শত জাহাজ ও হাজারো নাবিক জলপথে আটকে পড়ে।
তবে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্বাক্ষরের পর ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ক্লেপারের তথ্য অনুযায়ী, ২২ জুন সোমবার অন্তত ৩৬টি বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে, যা সংঘাত শুরুর পর সর্বোচ্চ।
ওমানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার ঝুঁকি বিবেচনায় নিয়ে ধাপে ধাপে এবং নিয়ন্ত্রিতভাবে জাহাজ ও নাবিকদের সরিয়ে নেওয়ার কাজ চলছে।
এদিকে ফ্রান্স ও যুক্তরাজ্যের নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক সামুদ্রিক মিশনে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে ডেনমার্ক। তাদের লক্ষ্য হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ-চলাচল পুনঃস্থাপন করা।
আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিবেদক তোহিদ আসাদি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি আলোচনা কিছুটা ইতিবাচক অগ্রগতি দেখালেও পরিস্থিতি এখনও পুরোপুরি স্থিতিশীল নয়।
অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত সফরকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, কোনো চূড়ান্ত চুক্তির আওতায় ইরানকে হরমুজ প্রণালিতে টোল বা ফি আদায়ের অনুমতি দেওয়া হবে না।
তিনি বলেন, এটি একটি আন্তর্জাতিক জলপথ, এখানে কোনো দেশ টোল আরোপ করতে পারে না। তবে ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, যোগাযোগ ব্যবস্থা চালু থাকলেও হরমুজ প্রণালি আর কখনও যুদ্ধ-পূর্ব অবস্থায় ফিরবে না।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available