শাহপরাণ ফেরি থেকে ৪ জুয়াড়িকে আটক করেছে নৌ পুলিশ
নিজস্ব প্রতিবেদক: গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের শাহপরাণ ফেরি থেকে ৪ জন পেশাদার জুয়াড়িকে আটক করেছে নৌ পুলিশ।১৭ এপ্রিল বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৯টায় রাজবাড়ীর দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাট থেকে মানিকগঞ্জের পাটুরিয়ার উদ্দেশে রওয়ানা করা শাহপরাণ ফেরিতে একটি সংঘবদ্ধ চক্র যাত্রীদের ‘তিন তাস’ খেলায় প্রলুব্ধ করে অর্থ হাতিয়ে নিচ্ছিল। খবর পেয়ে নৌ পুলিশের ফরিদপুর অঞ্চলের পুলিশ সুপার আবদুল্লাহ্ আল-মামুনের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়।পরে পাটুরিয়া নৌ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা একেএম নজরুল ইসলাম এবং দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহার নেতৃত্বে একটি যৌথ দল ছদ্মবেশে অভিযান চালায়।রাত ১০টা ১৫ মিনিটে ফেরিতে অভিযান পরিচালনা করে জুয়া খেলার সরঞ্জামসহ ৪ জনকে আটক করা হয়। এ সময় আরও ২ জন অভিযুক্ত যাত্রীদের ভিড়ে মিশে পালিয়ে যায় বলে জানায় পুলিশ।আটকরা হলেন মো. আকাশ (২৩), মো. রাসেল মুন্সি (৩৩), জহির (জহু) ফকির (৪২) ও মো. বাবু ফকির (৩৫)।পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে শিবালয় থানায় হস্তান্তর করা হয়েছে।পুলিশের তথ্যমতে আটক জুয়াড়িরা পূর্বের বিভিন্ন মামলার আসামি। তাদের মধ্যে মো. আকাশের বিরুদ্ধে চুরি ও ডাকাতির প্রস্তুতিসহ ৪টি মামলা রয়েছে। মো. রাসেল মুন্সির বিরুদ্ধে ৩টি মামলা বিচারাধীন আছে। জহির ফকিরের বিরুদ্ধে অস্ত্র আইন ও ডাকাতিসহ ১০টি মামলা রয়েছে। বাবু ফকিরের বিরুদ্ধে ২টি ডাকাতির প্রস্তুতি মামলা রয়েছে।আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে নৌ পুলিশ।