• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ রাত ০৯:৫৬:৩৯ (23-Jun-2026)
  • - ৩৩° সে:
মোটরসাইকেলের ইঞ্জিনে লুকানো ৭ হাজার ইয়াবা, আটক ২

মোটরসাইকেলের ইঞ্জিনে লুকানো ৭ হাজার ইয়াবা, আটক ২

নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার সদর উপজেলায় মোটরসাইকেলের ইঞ্জিনের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে ইয়াবা পাচারের সময় দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাদের কাছ থেকে ৭ হাজার পিস ইয়াবা, তিনটি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।২৩ জুন মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটক ব্যক্তিরা হলেন বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের চিরাম গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে সোহেল মিয়া এবং একই উপজেলার খাইরুল ইসলামের ছেলে সজীব।জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজেন্দ্রপুর এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি চালানো হয়। এ সময় একটি মোটরসাইকেলের ইঞ্জিনের ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং দুইজনকে আটক করা হয়।তিনি আরও জানান, জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৮ লাখ টাকা। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে নেত্রকোণা মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।