• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৬ই আষাঢ় ১৪৩৩ রাত ০৯:৩১:৪৭ (30-Jun-2026)
  • - ৩৩° সে:

হারারে টেস্টে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

৩০ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:১৪

হারারে টেস্টে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পর জয়ের ধারায় থাকা বাংলাদেশ এবার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে হতাশাজনক পরাজয়ের মুখ দেখেছে। হারারের একমাত্র টেস্টে ইনিংস ও ৮৫ রানের বড় ব্যবধানে হেরে সিরিজ খুইয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ৩ উইকেটে ১১৩ রান থেকে মাত্র ১৪০ রানে গুটিয়ে যায় টাইগাররা। দলের হয়ে একমাত্র প্রতিরোধ গড়েন মুমিনুল হক। তিনি ৮১ বলে ৬০ রানের ইনিংস খেলেন। অন্য কোনো ব্যাটার উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি।

জবাবে দারুণ শুরু করে জিম্বাবুয়ে। দুই ওপেনারের ৮৯ রানের জুটির পর ইনোসেন্ট কায়ার ২২৭ বলে ১৪০ রানের অনবদ্য ইনিংসে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্বাগতিকরা। এছাড়া ব্রায়ান বেনেট ৫৯, অধিনায়ক ক্রেইগ আরভিন ৬০ এবং ওয়েসলি মাধেভেরে ৭৭ রান করেন। তাদের ব্যাটে ভর করে প্রথম ইনিংসে ৪১০ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে।

২৭০ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করেও ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। দুই ওপেনার দ্রুত ফিরে যাওয়ার পর মুমিনুল হকও ৪৬ রানের মধ্যে বিদায় নেন। চতুর্থ উইকেটে নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম ৬৩ রানের জুটি গড়ে কিছুটা আশা জাগালেও নিয়ামহুরির দুর্দান্ত ইয়র্কারে শান্ত আউট হলে সেই আশা শেষ হয়ে যায়। শান্ত ৩০ এবং মুশফিক ৩৪ রান করেন।

অভিষিক্ত অমিত হাসান ২৫ বলে ২৫ রান করে ব্যবধান কিছুটা কমালেও বাংলাদেশের দ্বিতীয় ইনিংস বড় পরাজয় এড়াতে পারেনি। ফলে ইনিংস ও ৮৫ রানের জয়ে এক ম্যাচের টেস্ট সিরিজ নিজেদের করে নেয় জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ের হয়ে দ্বিতীয় ইনিংসে ব্লেসিং মুজারাবানি ৪ উইকেট শিকার করেন। রিচার্ড এনগারাভা নেন ৩ উইকেট। প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়া নিউম্যান নিয়ামহুরি দ্বিতীয় ইনিংসে আরও ২ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে ধস নামাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us