স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে ব্রাজিল বরাবরই শিরোপার অন্যতম দাবিদার। এবার শুরুটা প্রত্যাশামতো না হলেও ধীরে ধীরে ছন্দে ফিরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। প্রথম ম্যাচে মরক্কোর কাছে হারের পর হাইতি ও স্কটল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
২৯ জুন সোমবার বাংলাদেশ সময় রাত ১১টায় শেষ ৩২-এর ম্যাচে জাপানের মুখোমুখি হবে ব্রাজিল। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি, টি-স্পোর্টস ও সময় টিভি। এছাড়া অনলাইনে টফি, বায়োস্কাপ প্লাস, আই-স্ক্রিন, মাই রবি ও মাই এয়ারটেল অ্যাপে ম্যাচটি দেখা যাবে।
ম্যাচটি ঘিরে আলোচনা চলছে অপ্টার সুপারকম্পিউটারের পূর্বাভাস নিয়েও। বিশ্বকাপজুড়ে বিভিন্ন ম্যাচের সম্ভাব্য ফলাফল বিশ্লেষণ করে আসা এই সুপারকম্পিউটার এবারও ব্রাজিলকে এগিয়ে রেখেছে।
অপ্টার সুপারকম্পিউটার ২৫ হাজারবার ম্যাচটির সিমুলেশন চালিয়ে দেখেছে, ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৭.৩ শতাংশ। অন্যদিকে জাপানের জয়ের সম্ভাবনা ১৯.৭ শতাংশ। আর ম্যাচটি নির্ধারিত সময়ের পর টাইব্রেকারে গড়ানোর সম্ভাবনা ২৩ শতাংশ।
মুখোমুখি পরিসংখ্যানেও স্পষ্টভাবে এগিয়ে ব্রাজিল। এখন পর্যন্ত দুই দল ১৪ বার একে অপরের মুখোমুখি হয়েছে। এর মধ্যে ব্রাজিল জিতেছে ১১টি ম্যাচে, দুটি ম্যাচ ড্র হয়েছে এবং জাপান জয় পেয়েছে মাত্র একবার।
বিশ্বকাপের আসরেও দুই দলের একমাত্র সাক্ষাতে ৪-১ গোলের বড় জয় পেয়েছিল সেলেসাওরা। তবে সর্বশেষ দেখায় ইতিহাস গড়েছিল জাপান। গত বছরের অক্টোবরে টোকিওতে অনুষ্ঠিত ম্যাচে ২-০ গোলে পিছিয়ে থেকেও দুর্দান্ত প্রত্যাবর্তন করে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় ব্লু সামুরাইরা।
তাই পরিসংখ্যান ও সুপারকম্পিউটারের পূর্বাভাস ব্রাজিলের পক্ষে থাকলেও নকআউটের লড়াইয়ে জাপান যে কঠিন প্রতিপক্ষ হয়ে উঠতে পারে, সেটি আগের সাক্ষাতেই প্রমাণ করেছে এশিয়ার দলটি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available