• ঢাকা
  • |
  • সোমবার ১৫ই আষাঢ় ১৪৩৩ দুপুর ১২:১৭:০৮ (29-Jun-2026)
  • - ৩৩° সে:

নেইমারকে নিয়ে পরিকল্পনা জানালেন আনচেলত্তি

২৯ জুন ২০২৬ সকাল ১০:০৮:৫৬

নেইমারকে নিয়ে পরিকল্পনা জানালেন আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক: চোট কাটিয়ে মাঠে ফিরলেও এখনও পুরো ৯০ মিনিট খেলার মতো ফিট নন নেইমার। তাই বিশ্বকাপের নকআউট পর্বে জাপানের বিপক্ষে ব্রাজিলের এই তারকাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না প্রধান কোচ কার্লো আনচেলত্তি।

২৯ জুন সোমবার বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টনে শেষ ৩২-এর ম্যাচে জাপানের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচের আগের সংবাদ সম্মেলনে আনচেলত্তি জানান, নেইমারের শারীরিক অবস্থার উন্নতি হলেও তাকে শুরুর একাদশে রাখার পরিকল্পনা নেই।

তিনি বলেন, ‘নেইমার গত এক সপ্তাহে অনেক উন্নতি করেছে। তবে পুরো সময় দলের সঙ্গে অনুশীলন করতে পারেনি। সে ১৫ মিনিটের বেশি খেলতে পারবে, কিন্তু ঠিক কতক্ষণ খেলবে, সেটি ম্যাচের পরিস্থিতির ওপর নির্ভর করবে।’

ডান পায়ের কাফের চোটের কারণে টানা ৯৮১ দিন জাতীয় দলের বাইরে ছিলেন নেইমার। সেই চোটের কারণেই বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি তিনি। স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে জাতীয় দলে প্রত্যাবর্তন করেন এবং অল্প সময়েই কয়েকটি আক্রমণ তৈরি করে নিজের ফিটনেসের ইঙ্গিত দেন।

তবে নকআউট পর্বের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে শুরু থেকেই খেলিয়ে ঝুঁকি নিতে নারাজ আনচেলত্তি। বরং ম্যাচের শেষভাগে তার অভিজ্ঞতা ও সৃজনশীলতাকে কাজে লাগানোর পরিকল্পনাই রয়েছে ব্রাজিল কোচের।

প্রতিপক্ষ জাপানকে নিয়েও যথেষ্ট সতর্ক তিনি। আনচেলত্তির ভাষায়, ‘জাপান বিশ্বের অন্যতম সেরা দল। তাদের আমরা পূর্ণ সম্মান করি। আমাদের কাছে এই ম্যাচটাই ফাইনালের মতো। তাই সেই মানসিকতা নিয়েই প্রস্তুতি নিয়েছি।’

তিনি আরও বলেন, নকআউট পর্বে অতিরিক্ত সময় কিংবা টাইব্রেকারের সম্ভাবনাও মাথায় রাখা হয়েছে। “আমাদের মানসিকভাবে শক্ত থাকতে হবে এবং যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। দল আত্মবিশ্বাসী, তবে আমরা জানি এই টুর্নামেন্টে প্রতিটি ম্যাচই কঠিন।”

স্কটল্যান্ডকে হারিয়ে টানা দ্বাদশবারের মতো বিশ্বকাপের গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। এবার জাপানকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করাই সেলেসাওদের লক্ষ্য।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ কত টাকায় মিলছে ডলার-ইউরো-রুপি
আজ কত টাকায় মিলছে ডলার-ইউরো-রুপি
২৯ জুন ২০২৬ দুপুর ১২:০২:৩১









Follow Us