আমরা যুদ্ধের প্রস্তুতি নিই যুদ্ধ করার জন্য নয়, বরং যুদ্ধ এড়ানোর জন্য: সেনাপ্রধান
নিজস্ব প্রতিবেদক: শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়া কার্যকর পররাষ্ট্রনীতি বাস্তবায়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, ‘আমরা যুদ্ধের প্রস্তুতি নিই যুদ্ধ করার জন্য নয়, বরং যুদ্ধ এড়ানোর জন্য।’২৩ এপ্রিল বৃহস্পতিবার ক্যাপস্টোন কোর্স ২০২৬/১ এর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কোর্সটি আয়োজন করে ন্যাশনাল ডিফেন্স কলেজ।প্রতিরক্ষা খাত নিয়ে বক্তব্যে সেনাপ্রধান বলেন, দেশের আমদানি-রপ্তানি সমুদ্রপথনির্ভর হওয়ায় নৌবাহিনীর সক্ষমতা বাড়ানো জরুরি। পাশাপাশি বিমানবাহিনীর আধুনিকায়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি জাতীয় সমস্যা এবং সমাধানে সকলের সম্পৃক্ততা প্রয়োজন।জ্বালানি নিরাপত্তার বিষয়টি তুলে ধরে সেনাপ্রধান বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতি অত্যন্ত চ্যালেঞ্জিং এবং প্রতিনিয়ত নতুন সংকট তৈরি হচ্ছে। দেশে একমাত্র ইস্টার্ন রিফাইনারি থাকায় চাহিদার তুলনায় কম জ্বালানি পরিশোধন সম্ভব হয়, ফলে বাকি জ্বালানি উচ্চমূল্যে আমদানি করতে হয়। স্বাধীনতার পাঁচ দশক পেরিয়ে গেলেও দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায় পরিস্থিতি আরও জটিল হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।আন্তর্জাতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট উত্তেজনা এবং হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ অঞ্চলের অস্থিতিশীলতা জ্বালানি সরবরাহে প্রভাব ফেলছে, যার প্রভাব পড়ে সাধারণ মানুষের জীবনযাত্রায়।সমাপনী বক্তব্যে তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এ ধরনের কোর্সের সংখ্যা আরও বাড়ানো হবে এবং অংশগ্রহণকারীরা অর্জিত জ্ঞান নিজ নিজ ক্ষেত্রে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন ও নিরাপত্তায় ভূমিকা রাখবেন।গত ৫ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত তিন সপ্তাহব্যাপী এ কোর্সে মোট ৪৫ জন ফেলো অংশগ্রহণ করেন। এদের মধ্যে সংসদ সদস্য, জ্যেষ্ঠ সামরিক ও পুলিশ কর্মকর্তা, শিক্ষাবিদ, চিকিৎসক, সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধি, কূটনীতিক ও ব্যবসায়ী প্রতিনিধিরা ছিলেন।এসময় লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমান, কমান্ড্যান্ট, ন্যাশনাল ডিফেন্স কলেজ, জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সংলাপ ও ঐকমত্য গঠনের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী ও বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।