• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা চৈত্র ১৪৩২ রাত ০২:৫৩:১০ (19-Mar-2026)
  • - ৩৩° সে:
সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: সালাহউদ্দিন আহমদ

সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।১১ মার্চ বুধবার দুপুরে বিএনপির সংসদীয় দলের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী বৃহস্পতিবার সংসদের অধিবেশন শুরু হবে। প্রথম অধিবেশনে সভাপতি, স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন প্রক্রিয়া বিধি অনুযায়ী আহ্বান করবেন সংসদ নেতা তারেক রহমান। এরপর স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিধি অনুযায়ী শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।তিনি আরও জানান, পরে আবার অধিবেশন বসবে এবং সেখানে বিভিন্ন সুপ্রস্তাব উত্থাপন ও আলোচনা হবে। পরবর্তীতে জাতীয় সংসদে ১৩৩টি অধ্যাদেশ উত্থাপন করবেন আইনমন্ত্রী। এরপর সংসদে রাষ্ট্রপতির ভাষণ অনুষ্ঠিত হবে।সাধারণত সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকায় ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন। তবে ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দেওয়ার প্রস্তাব করেছিল বিএনপি।তবে ওই প্রস্তাব আপাতত নাকচ করেছে জামায়াত। দলটি জানিয়েছে, সংসদে জুলাই সনদ নিয়ে আলোচনা শেষ হওয়ার পর ডেপুটি স্পিকারের বিষয়ে তাদের সিদ্ধান্ত জানানো হবে।