সংসদ সচিবালয়ের কেনাকাটায় দুর্নীতির অভিযোগে তদন্ত কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ সচিবালয়ের বিভিন্ন সরঞ্জাম কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। স্পিকারের নির্দেশে এ কমিটি গঠন করা হয়।২১ এপ্রিল মঙ্গলবার সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা-১ থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষর করেন।অফিস আদেশে বলা হয়, গত ১৯ এপ্রিল একটি জাতীয় দৈনিকসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে ‘সংসদের কেনাকাটায় হরিলুট’ শিরোনামে প্রকাশিত সংবাদের ভিত্তিতে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযোগগুলো তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।কমিটিতে লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য ও হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজামকে আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ, ঢাকা-১২ আসনের মো. সাইফুল আলম, চট্টগ্রাম-৭ আসনের হুমাম কাদের চৌধুরী এবং কুমিল্লা-৪ আসনের মো. আবুল হাসনাত।আদেশে আরও উল্লেখ করা হয়, কমিটিকে আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে। সংসদ সচিবালয়ের মানবসম্পদ অনুবিভাগের যুগ্ম সচিব মিজ সৈয়দা মাছুমা খানম কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবেন।উল্লেখ্য, সম্প্রতি সংসদ সচিবালয়ের ক্যামেরা, ব্যাগ, কার্ড রিডারসহ বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জাম কেনাকাটায় অস্বাভাবিক ব্যয় দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, বাজারমূল্যের তুলনায় কয়েক গুণ বেশি দামে এসব পণ্য কেনা হয়েছে। এ ঘটনায় জনমনে ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে।