বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের নতুন বাঁশকান্দা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে মো. কেরামত আলী বাচ্চা (৬৮) নামের এক বৃদ্ধের পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।১৫ এপ্রিল বুধবার বিকেল ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার সময় বাড়ির কেউ উপস্থিত না থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।বাড়ির মালিক কেরামত আলী বাচ্চা জানান, পাগলাপাড়া গ্রামের ভ্যানচালক মো. লাল মিয়া প্রথমে ঘরে আগুন জ্বলতে দেখে চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।খবর পেয়ে বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আব্দুল কুদ্দুস জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে দোচালা টিনের ঘর, আসবাবপত্রসহ ঘরের সবকিছু পুড়ে গেছে।ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, এ ঘটনায় তাদের প্রায় ৬০ থেকে ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন বলেন, ক্ষতিগ্রস্ত পরিবার আবেদন করলে তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের ব্যবস্থা করা হবে।