শাহজালাল বিমানবন্দর এলাকায় বিশেষ অভিযানে আটক ৮২
ডেস্ক রিপোর্ট: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ভবঘুরে, ভিক্ষুক, মাদকাসক্ত ও অপরাধপ্রবণ ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ৮২ জনকে আটক করেছে বিমানবন্দর থানা-পুলিশ।৪ জুলাই শনিবার বিমানবন্দর গোলচত্বর, বিআরটিএ স্টেশন, বিমানবন্দর রেলওয়ে স্টেশন, পুলিশ বক্স, বিমানবন্দরের প্রবেশপথ, ভিভিআইপি ও ভিআইপি সড়কসহ আশপাশের বিভিন্ন এলাকায় এ সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়।পুলিশ জানায়, আটক ব্যক্তিদের মধ্যে ৫৮ জন মাদকাসক্ত পথশিশু এবং অন্যান্য অপরাধে জড়িত ২৪ জন রয়েছেন।বিমানবন্দর থানা-পুলিশের দাবি, যাত্রী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দর এলাকায় ভবঘুরে, ভিক্ষুক ও মাদকাসক্তদের অবস্থান করতে দেওয়া হবে না। এ লক্ষ্যে নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।এদিকে, আটক শিশুদের বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নিয়াজ মেহেদী জানিয়েছেন, শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে ‘শিশুবিষয়ক পুলিশ কর্মকর্তার’ মাধ্যমে শিশু আইন, ২০১৩ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।সূত্র: কালের কণ্ঠ