• ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই আষাঢ় ১৪৩৩ রাত ১০:৪৮:৪৪ (19-Jun-2026)
  • - ৩৩° সে:
বিএসএফের ৩৬টি পুশ-ইন চেষ্টা ব্যর্থ করেছে বিজিবি: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএসএফের ৩৬টি পুশ-ইন চেষ্টা ব্যর্থ করেছে বিজিবি: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর থেকে বাংলাদেশে বিএসএফের ৩৬টি পুশইনের চেষ্টা ব্যর্থ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।১৭ জুন বুধবার সংসদে প্রশ্নোত্তর পর্বে এমপি মোহাম্মদ আবদুল মালিকের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে এ পর্যন্ত বিএসএফ মোট ২ হাজার ৩৬৯ জনকে বাংলাদেশে পুশ-ইন করেছে। এর মধ্যে ২ হাজার ১৭৫ জনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে, ১১ জনকে বিএসএফের কাছে ফেরত দেওয়া হয়েছে এবং ১৮৩ জনকে পুশ-ব্যাক করা হয়েছে।তিনি আরও বলেন, সীমান্ত হত্যা, পুশ-ইন এবং মাদক পাচার প্রতিরোধে বিভিন্ন পর্যায়ের বৈঠকের মাধ্যমে শূন্য সহনশীলতার লক্ষ্য নিয়ে কাজ চলছে। বিশেষ করে বিজিবি–বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে।স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সীমান্তে প্রাণঘাতী অস্ত্রের পরিবর্তে অপ্রাণঘাতী অস্ত্র ব্যবহারের জন্য বিএসএফকে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকাগুলোতে যৌথ টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।তিনি বলেন, ঝুঁকিপূর্ণ এলাকাগুলোকে উচ্চ-ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে চিহ্নিত করে সেখানে চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে এবং বিজিবি সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকায় ২৪ ঘণ্টা নিরাপত্তা বজায় রাখছে। গুরুত্বপূর্ণ স্থানে স্থায়ী ও অস্থায়ী পর্যবেক্ষণ পোস্ট স্থাপন করা হয়েছে।এছাড়া রাত্রিকালীন টহল জোরদার, ড্রোন, থার্মাল ইমেজার, নাইট ভিশন ডিভাইস ও সিসিটিভি ব্যবহার করে সীমান্ত পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানান তিনি। সীমান্ত অপরাধ ও পুশ-ইন ঠেকাতে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে কমিউনিটি ওয়াচ গ্রুপও গঠন করা হয়েছে।তিনি আরও বলেন, বিএসএফের গুলিতে নিরীহ বাংলাদেশি নাগরিকদের মৃত্যু অত্যন্ত দুঃখজনক এবং এটি মানবাধিকার লঙ্ঘন। এ বিষয়টি বিজিবি–বিএসএফ দ্বিপক্ষীয় বৈঠকে জোরালোভাবে উত্থাপন করা হয়েছে।স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সীমান্তে উত্তেজনা কমাতে দুই দেশের যৌথ রাত্রীকালীন টহল এবং তাৎক্ষণিক ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে।সূত্র: দ্যা ডেইলি স্টার