• ঢাকা
  • |
  • শুক্রবার ২৫শে বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৬:১৫:৫২ (08-May-2026)
  • - ৩৩° সে:
ম্যাচ চলাকালীন নাইজেরিয়ান স্ট্রাইকারের মৃত্যু

ম্যাচ চলাকালীন নাইজেরিয়ান স্ট্রাইকারের মৃত্যু

স্পোর্টস ডেস্ক: নাইজেরিয়ার ফুটবল অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। প্রীতি ম্যাচ খেলতে নেমে আকস্মিক অসুস্থ হয়ে মাঠেই মৃত্যুবরণ করেছেন দেশটির সাবেক স্ট্রাইকার মাইকেল এনারামো।২৪ এপ্রিল শুক্রবার নাইজেরিয়ার কাদুনায় অনুষ্ঠিত একটি প্রীতি ম্যাচে দ্বিতীয়ার্ধ শুরুর কয়েক মিনিট পর হঠাৎ করেই মাটিতে লুটিয়ে পড়েন ৪০ বছর বয়সী এই ফুটবলার। সঙ্গে সঙ্গে মাঠে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং দ্রুত তাকে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।নাইজেরিয়া ফুটবল ফেডারেশন (এনএফএফ) এক বিবৃতিতে এনারামোর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটি জানায়, কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।জাতীয় দলের জার্সিতে ২০০৯ থেকে ২০১১ সালের মধ্যে ১০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন এনারামো। ক্লাব ক্যারিয়ারে তিনি তিউনিসিয়া, আলজেরিয়া, সৌদি আরব ও তুরস্কের বিভিন্ন ক্লাবে খেলেছেন। তুরস্কের শীর্ষ ক্লাব বেসিকতাস তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।এনারামোর ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় মুহূর্ত আসে ২০১০ বিশ্বকাপ বাছাইপর্বে। তিউনিসিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তার করা গোল নাইজেরিয়াকে ২-২ ড্র এনে দেয়, যা দলটির বিশ্বকাপের মূল পর্বে জায়গা পাওয়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।যদিও দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ২০১০ বিশ্বকাপের চূড়ান্ত দলে জায়গা হয়নি তার, তবুও দেশের ফুটবলে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।