রাস্তায় মিলল এসএসসি পরীক্ষার ২৬৮টি খাতা
নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে পরিত্যক্ত অবস্থায় রাস্তায় পাওয়া গেছে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার তিন বান্ডেল খাতা। ২৯ এপ্রিল বুধবার সেগুলো শিবপুর মডেল থানায় জমা দেওয়া হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার শাষপুর শহীদ মিনার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্রিজসংলগ্ন সড়কে খাতাগুলো পড়ে থাকতে দেখেন রাহিম নামের এক যুবক। পরে তিনি সেগুলো বাড়িতে নিয়ে যান। পরদিন প্রতিবেশীর মাধ্যমে নিশ্চিত হন যে এগুলো এসএসসি পরীক্ষার খাতা। এরপর তিনি থানায় যোগাযোগ করে খাতাগুলো জমা দেন।শিবপুর মডেল থানার উপপরিদর্শক মাসুদুর রহমান জানান, উদ্ধার হওয়া খাতাগুলো থানায় জমা দেওয়ার পর উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার উপস্থিতিতে খাতাগুলো পুনরায় সিলগালা করে শিবপুর উপজেলা ডাকঘরে পাঠানো হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফারজানা ইয়াসমিন জানান, একটি ডাকঘর থেকে অন্য ডাকঘরে নেওয়ার সময় ডাকপিয়নের গাড়ি থেকে অসাবধানতাবশত খাতাগুলো রাস্তায় পড়ে যায়। তবে সেগুলো সিলগালা অবস্থায় অক্ষত ছিল। পরবর্তীতে যথাযথ প্রক্রিয়ায় ডাকঘরে জমা দেওয়া হয়েছে।জানা গেছে, উদ্ধার হওয়া এসব খাতার মধ্যে এসএসসি ভোকেশনাল ইংরেজি দ্বিতীয় পত্রের মোট ২৬৮টি উত্তরপত্র ছিল।