নিজস্ব প্রতিবেদক: টানা ভারি বর্ষণে পরীক্ষাকেন্দ্রের কক্ষ পানিতে তলিয়ে যাওয়ায় কুমিল্লার একটি এসএসসি পরীক্ষাকেন্দ্রে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। পরে পরিস্থিতি নিয়ে নড়েচড়ে বসে প্রশাসন, কক্ষ পরিবর্তনের সিদ্ধান্ত নেয়।
২৮ এপ্রিল মঙ্গলবার সকালে ভারি বৃষ্টির কারণে ঈশ্বর পাঠশালা উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রের টিনশেড ভবনের চারটি কক্ষ হাঁটুসমান পানিতে তলিয়ে যায়। এতে ১৪১ জন এসএসসি পরীক্ষার্থীকে পানির মধ্যেই বসে পরীক্ষা দিতে বাধ্য হতে হয়।


এই কেন্দ্রে কুমিল্লা মডার্ন উচ্চ বিদ্যালয়, ইবনে তাহমিয়া উচ্চ বিদ্যালয় এবং ইউসুফ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছিল।

প্রত্যক্ষদর্শীদের মতে, ভারি বৃষ্টিতে সকাল থেকে পানি ঢুকে পড়ে পুরো কক্ষ পানিতে তলিয়ে যায়। এরপরও পরীক্ষার্থীরা চরম কষ্টের মধ্যে পরীক্ষা শেষ করে।
আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত কুমিল্লায় ১০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহজালাল জানান, দীর্ঘদিন ধরে ওই টিনশেড ভবনে পরীক্ষা নেওয়া হলেও এমন পরিস্থিতি আগে হয়নি। শেষ মুহূর্তে কেন্দ্র পরিবর্তন করলে সময়সূচিতে সমস্যা হতে পারত, তাই পরীক্ষা চালানো হয়েছে। তবে পরবর্তী পরীক্ষাগুলো নতুন স্থানে নেওয়া হবে।
কুমিল্লা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা তুজ জোহরা জানান, জলাবদ্ধতার কারণে আজকের পরীক্ষায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তবে আগামী পরীক্ষা পাশের ভবনের উপরের তলা ও অন্য কক্ষে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
ঘটনাটি নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available