স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচনের চূড়ান্ত কাউন্সিলর তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
১৯ মে মঙ্গলবার বিকেল ৫টায় পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী প্রকাশিত এ তালিকায় খসড়া তালিকায় থাকা ১৮৪ জন কাউন্সিলরের সবাই স্থান পেয়েছেন। আপিলের মাধ্যমে কাউকে বাদ দেওয়া হয়নি।


চূড়ান্ত তালিকা অনুযায়ী, বিসিবির আসন্ন নির্বাচনে ভোটাধিকার পাচ্ছেন মোট ১৮৪ জন কাউন্সিলর। এর মধ্যে ক্যাটাগরি-১ বা জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে রয়েছেন ৬৬ জন, ক্যাটাগরি-২ বা ক্লাব ক্যাটাগরি থেকে ৭৬ জন এবং ক্যাটাগরি-৩ বা বিশেষায়িত সংস্থা ও সাবেক ক্রিকেটার ক্যাটাগরি থেকে ৪২ জন কাউন্সিলর।

যদিও এবারের নির্বাচনে মোট ১৯২ জন কাউন্সিলর থাকার কথা ছিল, তবে কয়েকটি জেলা ও সংস্থা থেকে কাউন্সিলরশিপ জমা না পড়ায় সংখ্যা কমে যায়। কুমিল্লা, মুন্সিগঞ্জ, হবিগঞ্জ, কুড়িগ্রাম ও নীলফামারী জেলা ক্রীড়া সংস্থা কাউন্সিলর তালিকা জমা দেয়নি। এছাড়া কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, ইসলামী বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ আনসার ও ভিডিপি থেকেও কাউন্সিলরশিপ জমা পড়েনি।
সাবেক অধিনায়ক কোটা থেকে কাউন্সিলর হয়েছেন গাজী আশরাফ হোসেন লিপু, শফিকুল হক, খালেদ মাহমুদ সুজন, হাবিবুল বাশার এবং শাহরিয়ার হোসেন বিদ্যুৎ। নতুন মুখ হিসেবে কাউন্সিলর হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
জাতীয় দলের সাবেক ক্রিকেটারদের মধ্যে কাউন্সিলরশিপ পেয়েছেন নাজিম উদ্দিন, তালহা জুবায়ের, নাঈম ইসলাম, সৈয়দ রাসেল, নাজমুল হোসেন, ডলার মাহমুদ ও শামসুর রহমান। এ তালিকায় রয়েছেন বিসিবি অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল–এর ভাই নাফিস ইকবাল। তামিম ইকবাল নিজেও ওল্ড ডিওএইচএস ক্লাব থেকে কাউন্সিলর মনোনয়ন পেয়েছেন।
অন্যদিকে ঢাকার ক্লাব ক্যাটাগরিতে কাউন্সিলর তালিকায় জায়গা হয়নি কয়েকজন পরিচিত সংগঠকের। তাদের মধ্যে রয়েছেন ফারুক আহমেদ, ইফতেখার রহমান মিঠু, মাহবুব আনাম, ইসতিয়াক সাদেক ও লোকমান হোসেন।
নির্বাচনের তফসিল অনুযায়ী, আগামী ২০ ও ২১ মে মনোনয়নপত্র বিতরণ করা হবে। ২১ ও ২২ মে মনোনয়ন জমা নেওয়া হবে। ২৩ মে বাছাইকৃত মনোনয়ন তালিকা প্রকাশের পর ২৪ মে আপত্তি গ্রহণ ও শুনানি অনুষ্ঠিত হবে। ২৫ মে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় শেষে একই দিন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।
এছাড়া ২৫ মে পোস্টাল ব্যালট বা ই-ব্যালটের আবেদন গ্রহণ করা হবে। সব প্রক্রিয়া শেষে আগামী ৭ জুন বিসিবির বোর্ড রুমে পরিচালক, সভাপতি ও সহ-সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিন ফলাফলও ঘোষণা করা হবে।
প্রতিবারের মতো এবারও তিন ক্যাটাগরি থেকে মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। এর মধ্যে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা ক্যাটাগরি থেকে ১০ জন, ক্লাব ক্যাটাগরি থেকে ১২ জন এবং সাবেক ক্রিকেটার ক্যাটাগরি থেকে একজন পরিচালক নির্বাচিত হবেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available