• ঢাকা
  • |
  • শনিবার ২০শে আষাঢ় ১৪৩৩ রাত ১১:০৩:৩১ (04-Jul-2026)
  • - ৩৩° সে:

দুলুর শুরু করা ‘আলোকিত লালমনিরহাট’ আন্দোলন সারাদেশে ছড়িয়ে পড়বে: মির্জা ফখরুল

৪ জুলাই ২০২৬ রাত ০৮:৫১:১৩

দুলুর শুরু করা ‘আলোকিত লালমনিরহাট’ আন্দোলন সারাদেশে ছড়িয়ে পড়বে: মির্জা ফখরুল

লালমনিরহাট প্রতিনিধি: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর উদ্যোগে লালমনিরহাটে ১৩টি সামাজিক অপরাধের বিরুদ্ধে শুরু হওয়া ‘আলোকিত লালমনিরহাট’ আন্দোলন শুধু এ জেলার মধ্যে সীমাবদ্ধ থাকবে না- এটি একসময় সারাদেশে ছড়িয়ে পড়বে। 

তিনি বলেন, দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে মাদক, বাল্যবিবাহ, যৌতুক, জুয়াসহ সব ধরনের সামাজিক অপরাধকে ‘না’ বলবে এবং একটি সুন্দর, মানবিক ও আধুনিক বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে।

৪ জুলাই শনিবার বিকেলে লালমনিরহাট পৌর শহরের এম টি হোসেন ইনস্টিটিউট মাঠে সামাজিক সংগঠন ‘আলোকিত লালমনিরহাট’-এর আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৫ থেকে ১৬ বছরের গণতান্ত্রিক সংগ্রামে অসংখ্য নেতাকর্মী মামলা, নির্যাতন ও প্রাণহানির শিকার হয়েছেন। তবুও তারা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন থেকে সরে দাঁড়াননি। 
তিনি বলেন, বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব এবং তারেক রহমানের দিকনির্দেশনায় আন্দোলনের সফলতা এসেছে। বর্তমান পরিস্থিতিকে নতুন বাংলাদেশ গড়ার জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ উল্লেখ করে তিনি বলেন, দেশের উন্নয়ন ও সামাজিক পরিবর্তনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির কথা তুলে ধরে তিনি বলেন, খাল পুনঃখনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম ও পুরোহিতদের ভাতা এবং নারীর ক্ষমতায়নের মতো উদ্যোগগুলো ইতোমধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। এসব কার্যক্রমের মাধ্যমে একটি আধুনিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, লালমনিরহাটবাসীর দীর্ঘদিনের দাবি ‘জাগো বাহে, তিস্তা বাঁচাও’ আন্দোলনের সফলতার ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী জাতীয় সংসদে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে তিস্তা অববাহিকার মানুষের জীবন-জীবিকায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং উত্তরাঞ্চলের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, দেশের সমাজ পরিবর্তনে যাঁরা দূরদর্শী নেতৃত্ব দিচ্ছেন, তাঁদের মধ্যে দুলু অন্যতম। তিনি কেবল একজন রাজনীতিবিদ, সংসদ সদস্য বা মন্ত্রী নন; একজন সমাজ সংস্কারকও। মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধের বিরুদ্ধে জনগণকে সম্পৃক্ত করে যে সচেতনতামূলক আন্দোলন তিনি শুরু করেছেন, তা দেশের জন্য একটি অনুসরণযোগ্য উদ্যোগ।

সমাবেশে সভাপতিত্ব করেন ‘আলোকিত লালমনিরহাট’-এর সভাপতি ও লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদুল হক প্রধান। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এছাড়াও জেলার প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ সমাবেশে অংশগ্রহণ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


১৫ বছর পর আবারও ফিরছেন সেলিনা জেটলি
১৫ বছর পর আবারও ফিরছেন সেলিনা জেটলি
৪ জুলাই ২০২৬ রাত ০৯:৫৪:৫৫









Follow Us