নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় জামায়াতে ইসলামী ও বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পৃথক সংবাদ সম্মেলন করে একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে বিএনপি ও জামায়াত নেতারা পাল্টাপাল্টি বক্তব্য দেন।

৪ জানুয়ারি বুধবার দুপুর ১২টায় জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু অভিযোগ করেন, জামায়াতে ইসলামের নেতা-কর্মীরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রকাশ্যে খাওয়া-দাওয়ার আয়োজন করেন। এ সময় স্থানীয় কয়েকজন যুবক ঘটনাটি ভিডিও ধারণ করতে গেলে জামায়াতের নেতা-কর্মীরা তাদের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন।


তিনি আরও বলেন, ওই ঘটনার প্রতিবাদ জানাতে গেলে গ্রামবাসী ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে জামায়াতের নেতা-কর্মীদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে জামায়াতের নেতা-কর্মীরা গ্রামবাসী ও বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালায়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। এতে বিএনপি ও ছাত্রদলের অন্তত পাঁচজন নেতা-কর্মী গুরুতর আহত হন বলে দাবি করেন তিনি। আবু বক্কর সিদ্দিক নান্নু বলেন, এই হামলা ছিল পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনা আড়াল করতেই নিরীহ মানুষ ও বিএনপি নেতাকর্মীদের ওপর এ হামলা চালানো হয়েছে।
অন্যদিকে, মঙ্গলবার রাত ১১টার দিকে শহরের দয়ালের মোড়ে অবস্থিত পৌর জামায়াত অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে নওগাঁ-৫ (সদর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আ স ম সায়েম বিএনপির বিরুদ্ধে পাল্টা অভিযোগ তোলেন।
তিনি বলেন, ‘গণসংযোগ শেষে আমি সদর উপজেলার গোপাই মাখনা গ্রামে আমাদের এক কর্মীর বাড়িতে বিশ্রাম নিচ্ছিলাম। এ সময় ইউনিয়ন বিএনপির সভাপতি ও তার সঙ্গে থাকা সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে আমাদের কর্মীদের ওপর হামলা চালায়।’ এতে জামায়াতের অন্তত ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।
অ্যাডভোকেট আ স ম সায়েম আরও অভিযোগ করেন, আগামী ৫ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর আমিরের নির্ধারিত কর্মসূচি ব্যাহত করার উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে নওগাঁ সদর উপজেলার মাখনা কোমলগোটা গ্রামে জামায়াতে ইসলামী ও বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available