ডেস্ক রিপোর্ট: দেশের ইতিহাসে প্রথমবারের মতো তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছে। তিনি বলেন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করতে শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো হবে। একই সঙ্গে শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধি নিয়েও সরকার কাজ করছে। এছাড়া সারাদেশের শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন (এমপি)।
তিনি আরও বলেন, উপযুক্ত জায়গা পেলে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের হাত ধরে সোনারগাঁয়ে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে।
১৩ জুন শনিবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা এবং বিকাশের লক্ষ্যে নির্মিত ‘বিশ্বেশ্বর পোদ্দার’ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে অতিথিরা ফিতা কেটে ও দোয়ার মাধ্যমে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিভিন্ন প্রতিভা প্রদর্শনী দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের প্রতিটি শিশুর শিক্ষার অধিকার রয়েছে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য উপযোগী পরিবেশ ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে তারাও দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।
উদ্বোধন শেষে অতিথিরা নবনির্মিত ভবনের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন এবং এর কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। ভবনটি চালু হওয়ার ফলে এলাকার বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা আধুনিক ও সহায়ক পরিবেশে শিক্ষা গ্রহণের সুযোগ পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান (এমপি), নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান (এমপি), নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির ও পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।
এসময় মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান ভূঁইয়া মাসুম, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সুধীজন এবং গণমাধ্যমকর্মীরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available