নিজস্ব প্রতিবেদক: জলাবদ্ধতা নিরসন, পরিবেশ সুরক্ষা এবং অবকাঠামো উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ ২ মে শনিবার সিলেট নগরীর সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।


প্রধানমন্ত্রী বলেন, জলাবদ্ধতা রোধে দেশের বিভিন্ন খাল খনন ও পুনঃখননের কাজ চলছে। বৃষ্টির কারণে হাওরাঞ্চলে যে ক্ষয়ক্ষতি হয়, তা কমাতে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে। একই সঙ্গে নতুন রাস্তা নির্মাণে ফসলি জমির ক্ষতি এড়াতে বিকল্প হিসেবে রেল যোগাযোগ সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি জানান, ঢাকা-সিলেট রুটে রেলের ডাবল লাইন নির্মাণের বিষয়টি সরকারের পরিকল্পনায় রয়েছে। এতে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও কার্যকর হবে।
স্বাস্থ্য খাত নিয়ে তিনি বলেন, সিলেটের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল দ্রুত চালু করে ১২০০ শয্যায় উন্নীত করা হবে। জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। বিমানবন্দর থেকে তিনি সরাসরি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন এবং পরে নগরীর বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে অংশ নেন।
সফরসূচি অনুযায়ী, বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণমূলক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন এবং পরে জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার। দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় তিনি ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করবেন।
এদিকে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সিলেটে বিমানবন্দর ও নগর এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available