নিজস্ব প্রতিবেদক : ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করতে আগামী ১০ মার্চ বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে এটি হবে তার প্রথম বগুড়া সফর।
২৭ ফেব্রুয়ারি শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে মহাস্থানগড় এলাকায় অবস্থিত শাহ সুলতান বলখী (রহ.)-এর মাজারে জুমার নামাজের আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে এ তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।


তিনি বলেন, ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী ১০ মার্চ বগুড়ায় আসবেন বলে জানা গেছে। সরকারের এই নতুন সামাজিক নিরাপত্তা উদ্যোগের সূচনা বগুড়া থেকেই হবে।

ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক (পাইলট) কার্যক্রম পরিচালনার জন্য বগুড়া সদর উপজেলা-এর শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডকে নির্বাচন করা হয়েছে। সম্ভাব্য সুফলভোগী পরিবার চিহ্নিত করতে ইতোমধ্যে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ শুরু হয়েছে।
কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি করে পৃথক জেলা ও উপজেলা কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও কমিটি গঠন করা হয়েছে, যাতে কার্যক্রম তদারকি ও সমন্বয় কার্যকরভাবে করা যায়।
জানা গেছে, ফ্যামিলি কার্ডধারী প্রতিটি পরিবার মাসে আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবে। দেশের হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের নারীরা এই কর্মসূচির আওতায় আসবেন।
প্রতি পরিবারের একজন নারী কার্ডধারী হিসেবে নিবন্ধিত হবেন। একটি ওয়ার্ডে যত পরিবার যোগ্য বিবেচিত হবে, তাদের সবাইকে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে।
প্রাথমিকভাবে চার মাস পরীক্ষামূলকভাবে (পাইলটিং) কার্যক্রম চালানো হবে। ফলাফল মূল্যায়ন শেষে ধাপে ধাপে দেশের প্রতিটি উপজেলায় এই কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সরকারের পক্ষ থেকে আশা করা হচ্ছে, এই উদ্যোগ দেশের নিম্নআয়ের পরিবারগুলোর আর্থিক সুরক্ষা জোরদার করবে এবং নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available