লাইফস্টাইল ডেস্ক: আজকের যুগে ব্যস্ত থাকা স্বাভাবিক একটা বিষয়। কাজ, টার্গেট, ক্যারিয়ার—সবকিছুর চাপ মিলিয়ে অনেক মানুষই সময় দিতে পারেন না নিজেদের ব্যক্তিগত বা দাম্পত্য সম্পর্কে। ফলে একজন সব সময় ব্যস্ত, আর অন্যজন ধীরে ধীরে নিজেকে অবহেলিত মনে করেন। এভাবেই অনেক সম্পর্কের মধ্যে দূরত্ব, একাকিত্ব ও ভুল–বোঝাবুঝি তৈরি হয়। তৃতীয় ধাপে সম্পর্কটি হয়ে যায় নিছক অভ্যাস আর অতীতের ভালো সময়ের স্মৃতিযাপন। ভালো খবর হলো, কিছু সচেতন অভ্যাস দিয়ে এই সম্পর্ক আবার সুন্দর করে তোলা সম্ভব।
১. খোলামেলা যোগাযোগ
কী অনুভব করছেন, সেটা চেপে রাখবেন না। শান্তভাবে কথা বলুন। অভিযোগ না করে নিজের অনুভূতি জানান। এতে ভুল–বোঝাবুঝি কমে।


২. খানিকটা সময় বের করুন কেবল নিজেদের জন্য
ব্যস্ততার মধ্যেও একটু সময় শুধু দুজনের জন্য রাখা জরুরি। সময়টা অল্প হলেও সেটি নিয়মিত হওয়া গুরুত্বপূর্ণ। ধরুন, সকালের নাশতা বা রাতের খাবার দুজন একসঙ্গে খেলেন। রাতে ঘুমানোর আগে খানিকটা কোয়ালিটি সময় কাটালেন। সপ্তাহে তিন দিন নিয়ম করে দুজনে হাঁটলেন। এক দিন বাইরে ঘুরতে গেলেন। সেই সময় ফোন বা ব্যক্তিগত কাজ থেকে দূরে থাকুন। এতে সম্পর্ক আবার দৃঢ় হবে।

৩. ছোট ছোট অ্যাপ্রিসিয়েশন
ছোট ছোট জিনিসেও ধন্যবাদ বলুন। ‘তুমি সংসারে বা আরেকজনের জন্য কষ্ট করছ’—এই স্বীকৃতি খুব গুরুত্বপূর্ণ। এতে সঙ্গীর মন ভালো থাকে।
৪. একটুখানি সহানুভূতি
ব্যস্ত মানুষটি ইচ্ছা করে দূরে যাচ্ছেন না। তাঁর কাজের চাপ বুঝুন। একইভাবে নিজের অনুভূতিও বোঝান। এতে অপরের প্রতি সহানুভূতি বাড়ে।
৫. একসঙ্গে সমাধান খুঁজুন
সমস্যা হলে একে অপরকে দোষ না দিয়ে সমস্যা বনাম আপনারা দুজন, এভাবে ভাবুন। পরিকল্পনা করুন, একে অন্যের জন্য সময় ম্যানেজ করুন।
ব্যস্ততা সম্পর্কের শত্রু নয়, অবহেলাই আসল সমস্যা। যদি দুজনই একটু সময় দেন, একে অপরের জুতা পায়ে গলিয়ে বোঝার চেষ্টা করেন, ভালোবাসা প্রকাশ করেন, তাহলে সম্পর্ক সব সময় টাটকা ও সুন্দর রাখা সম্ভব।
এককথায় সম্পর্ককে কোনো দিন কোনো অবস্থায় ‘ফর গ্র্যান্টেড’ হিসেবে নেওয়ার সুযোগ নেই। নিলে দেখা যাবে শতশহস্র কাজের চাপে সম্পর্কটা কোথায় যেন পিষ্ট হয়ে হারিয়ে গেছে!
সূত্র: ব্রাইডস
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available