ডেস্ক রিপোর্ট: জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন হবে কি না, সে বিষয়ে আজ আদেশ দেবেন ট্রাইব্যুনাল।
ঢাকা পোস্টের খবরে জানা গেছে, আজ ১০ মে রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেবেন। অভিযোগ গঠন করা হলে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হবে।


এর আগে গত ৭ মে আদেশ দেওয়ার দিন ধার্য ছিল। পরে তা পিছিয়ে আজকের দিন নির্ধারণ করা হয়।

এ মামলায় গ্রেপ্তার চার আসামি হলেন— নিষিদ্ধ ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি।
পলাতক আসামিদের মধ্যে রয়েছেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, তৎকালীন ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত উপমহাপরিদর্শক প্রলয় কুমার জোয়ারদার, পুলিশের সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম রাষ্ট্রন।
এর আগে ২৬ এপ্রিল অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শেষ করেন প্রসিকিউশন ও আসামিপক্ষের আইনজীবীরা। শুনানিতে প্রসিকিউশনের পক্ষে তিনটি অভিযোগ তুলে ধরেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। তিনি ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাইয়ের ঘটনাপ্রবাহ ট্রাইব্যুনালে উপস্থাপন করেন। পাশাপাশি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাপসের ফোনালাপের বিষয়ও তুলে ধরা হয়। এছাড়া অন্য আসামিদের উপস্থিতির ভিডিও ফুটেজ রয়েছে বলেও ট্রাইব্যুনালকে জানান তিনি। প্রসিকিউশনের দাবি, ২৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য পর্যাপ্ত প্রমাণ রয়েছে।
অন্যদিকে, গ্রেফতার ও পলাতক আসামিদের আইনজীবীরা তাদের মক্কেলদের অব্যাহতির আবেদন জানান। এক আসামির আইনজীবী সিফাত মাহমুদ শুভ দাবি করেন, ঘটনাটি মানবতাবিরোধী অপরাধের আওতায় পড়ে না। এ ধরনের অপরাধ বিচারের জন্য পৃথক আইন রয়েছে বলেও তিনি শুনানিতে উল্লেখ করেন।
মামলায় অভিযোগ করা হয়েছে, উসকানি, প্ররোচনা এবং প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে জুলাই গণঅভ্যুত্থানের সময় নিরীহ ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালানো হয়। এতে মোহাম্মদপুর এলাকায় মাহমুদুর রহমান সৈকত ও ফারহান ফাইয়াজসহ ৯ জন নিহত হন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available