অনলাইন ডেস্ক: রাজধানীর বাংলাবাজার এলাকায় তাজিয়া মিছিলে ডুলির রশি ধরা নিয়ে বিরোধের জেরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পরিচ্ছন্নতাকর্মী জাকির হোসেনকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
২৭ জুন শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে রাতেই অভিযুক্তদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত সুইচ গিয়ার চাকু, চাপাতি এবং ঘটনার সময় পরিহিত জামাকাপড় উদ্ধার করা হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, তাজিয়া মিছিলে ডুলির রশি ধরা নিয়ে বাকবিতণ্ডা ও হাতাহাতির জেরে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে।
তিনি আরও জানান, ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে ২৬ জুন শুক্রবার পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত তাজিয়া মিছিল বাংলাবাজার এলাকায় অতিক্রম করার সময় জাকির হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
নিহত জাকির হোসেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available