আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের সময় ইরানের ভেতরে গোপন হামলা চালিয়েছে সৌদি আরব। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত মার্চ মাসে ইরানের বিভিন্ন স্থানে একাধিক গোপন হামলা চালায় সৌদি আরব। পশ্চিমা দুই কর্মকর্তা ও দুই ইরানি কর্মকর্তার বরাতে সংবাদমাধ্যমটি জানায়, ইরানের হামলার জবাব হিসেবেই সৌদি আরব এসব পাল্টা হামলা চালায়।


প্রতিবেদনে আরও বলা হয়, এটিই প্রথমবারের মতো ইরানের ভূখণ্ডে সৌদি আরবের সরাসরি সামরিক হামলার ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। তবে কোন কোন স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল, তা নিশ্চিতভাবে জানা যায়নি।

এক পশ্চিমা কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, মার্চের শেষ দিকে সৌদি আরব ইরানের বিরুদ্ধে আরও কঠোর প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ার হুমকি দেয়। পরবর্তীতে কূটনৈতিক যোগাযোগ ও সতর্ক বার্তার মাধ্যমে দুই দেশের মধ্যে উত্তেজনা কিছুটা কমে আসে।
গত ৭ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দেন। এরও প্রায় এক সপ্তাহ আগে সৌদি আরব ও ইরানের মধ্যে উত্তেজনা কমতে শুরু করে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
এ বিষয়ে মন্তব্য জানতে সৌদি আরব ও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে দুই দেশের কেউই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available