• ঢাকা
  • |
  • সোমবার ২২শে আষাঢ় ১৪৩৩ বিকাল ০৩:০৪:০৬ (06-Jul-2026)
  • - ৩৩° সে:

শনিবারের মধ্যে ক্লিনিকে লেবার রুম স্থাপন না হলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

৬ জুলাই ২০২৬ দুপুর ১২:১৪:৪০

শনিবারের মধ্যে ক্লিনিকে লেবার রুম স্থাপন না হলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: দেশের সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালকে আগামী ১১ জুলাই শনিবারের মধ্যে বাধ্যতামূলকভাবে লেবার রুম (ডেলিভারি রুম) স্থাপনের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে স্বাভাবিক প্রসব নিশ্চিত করতে প্রতিটি প্রতিষ্ঠানে মিডওয়াইফ নিয়োগের নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়ন না হলে সংশ্লিষ্ট ক্লিনিক ও হাসপাতালের লাইসেন্স বাতিলসহ প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে।

৬ জুলাই সোমবার রাজধানীতে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটির (বিএমএস) আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের প্রতিটি প্রসূতি মায়ের নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে সব বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে মানসম্মত লেবার রুম থাকা জরুরি। এ বিষয়ে কোনো ধরনের অবহেলা বা গাফিলতি বরদাশত করা হবে না।

তিনি অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশনের প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, কিছু বেসরকারি ক্লিনিক ও দালালচক্র প্রসূতি ও তাদের পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে অপ্রয়োজনীয় অস্ত্রোপচারে উদ্বুদ্ধ করছে। জনগণকে এ ধরনের অনৈতিক বাণিজ্য থেকে রক্ষা করতে সরকার কঠোর ব্যবস্থা নেবে।

চিকিৎসকদের উদ্দেশে মন্ত্রী বলেন, চিকিৎসা পেশায় নৈতিকতা আরও সুদৃঢ় করতে হবে এবং রোগীর সর্বোচ্চ স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।

ডেঙ্গু পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানান, উপজেলা পর্যায়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে সারাদেশে এডিস মশার লার্ভা ধ্বংসে প্রয়োজনীয় ট্যাবলেট সরবরাহ করা হবে। ডেঙ্গু রোগীদের চিকিৎসায় পর্যাপ্ত শয্যা, মোবাইল চিকিৎসাসেবা ও স্যালাইনের সরবরাহ নিশ্চিত করা হয়েছে বলেও জানান তিনি।

এ ছাড়া চলতি বছর স্বাস্থ্যখাতে এক লাখ নতুন জনবল নিয়োগের পরিকল্পনার কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এর মধ্যে প্রায় ৮০ হাজার নারী নিয়োগ পাবেন এবং তাদের বড় একটি অংশ মিডওয়াইফ হিসেবে দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটির সভাপতি রোজিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক হাসনা আখতার, বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার হালিমা আখতারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম
দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম
৬ জুলাই ২০২৬ দুপুর ০১:৫৯:৫৩








Follow Us