• ঢাকা
  • |
  • শুক্রবার ১৯শে আষাঢ় ১৪৩৩ দুপুর ০১:৩৩:১৩ (03-Jul-2026)
  • - ৩৩° সে:

এফডিসিতে শিল্পী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ চলছে

৩ জুলাই ২০২৬ সকাল ১১:৩৫:০৪

এফডিসিতে শিল্পী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ চলছে

বিনোদন ডেস্ক: উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচন শুরু হয়েছে। ৩ জুলাই শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে অনুষ্ঠিত এ নির্বাচনে নিজেদের নতুন নেতৃত্ব বেছে নিতে ভোট দিচ্ছেন চলচ্চিত্র শিল্পীরা।

দৈনিক যুগান্তরের প্রতিবেদন থেকে জানা যায়, সকাল ৯টায় ভোটগ্রহণ শুরুর কথা থাকলেও ভোটগ্রহণ শুরু হয় সকাল সাড়ে ৯টায়। বিরতিহীনভাবে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। তবে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য এক ঘণ্টার বিরতি থাকবে।

এবারের নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সকাল থেকেই প্রার্থী, ভোটার ও সমর্থকদের উপস্থিতিতে সরগরম হয়ে ওঠে এফডিসি প্রাঙ্গণ। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে দুটি প্যানেলের মধ্যে। এক প্যানেলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে রয়েছেন শিবা শানু ও জয় চৌধুরী। অপর প্যানেলে নেতৃত্ব দিচ্ছেন আরমান ও রুমানা ইসলাম মুক্তি।

শিবা শানু-জয় চৌধুরী প্যানেলে সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন রোজিনা ও ডি এ তায়েব। সহ-সাধারণ সম্পাদক পদে সুব্রত, সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে পলি, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মোসাফকুল জামিল কাকন এবং কোষাধ্যক্ষ পদে জাদু আজাদ লড়ছেন।

অন্যদিকে, আরমান-রুমানা ইসলাম মুক্তি প্যানেলে সহ-সভাপতি পদে রয়েছেন নূতন ও ইলিয়াস কোবরা। সহ-সাধারণ সম্পাদক পদে রিনা খান, সাংগঠনিক সম্পাদক পদে চুন্নু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে এম এ পারভেজ চৌধুরী আবীর, দপ্তর ও প্রচার সম্পাদক পদে রাসেল মিয়া, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব এবং কোষাধ্যক্ষ পদে কমল প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ ছাড়া কার্যনির্বাহী পরিষদের ১১টি সদস্য পদের বিপরীতে দুই প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ২৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন প্রযোজক খোরশেদ আলম খসরু। তাকে সহায়তা করছেন নির্বাচন কমিশনার কামাল মো. কিবরিয়া লিপু ও বি এইচ নিশা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত অন্তত ৪০
পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত অন্তত ৪০
৩ জুলাই ২০২৬ দুপুর ০১:০১:২২



অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোয় স্পেন
অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোয় স্পেন
৩ জুলাই ২০২৬ দুপুর ১২:১৪:৩৯






Follow Us