অনলাইন ডেস্ক: বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ। গতকাল ১২ জুন শুক্রবার রাত আটটার দিকে ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে বিশেষ ‘ট্রাভেল পারমিটের’ মাধ্যমে তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ফেরত আসা বাংলাদেশিদের বাড়ি সুনামগঞ্জ, যশোর ও কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের তদন্ত কর্মকর্তা সৈয়দ মোর্তজা আলী জানান, দেশে ফেরত আসা বাংলাদেশিদের প্রাথমিক ইমিগ্রেশন আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তাঁদের আইনি সহায়তার জন্য ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ নামের একটি বেসরকারি মানবাধিকার সংস্থার জিম্মায় দেওয়া হয়েছে।
মানবাধিকার সংস্থা ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’-এর বেনাপোল শাখার প্রতিনিধি শরিফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, দালালের খপ্পরে পড়ে উন্নত জীবনের আশায় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এই ব্যক্তিরা। সেখানে অনুপ্রবেশের দায়ে ভারতীয় পুলিশের হাতে আটক হওয়ার পর তাঁদের আদালতের মাধ্যমে কলকাতার একটি মানবাধিকার সংস্থার শেল্টার হোমে (আশ্রয়কেন্দ্র) রাখা হয়।
পরবর্তী সময়ে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি চালাচালি ও কূটনৈতিক সমঝোতার পর বিশেষ ‘ট্রাভেল পারমিটের’ মাধ্যমে তাঁরা দেশে ফেরার সুযোগ পান। ফেরত আসা বাংলাদেশিদের আইনি সহায়তা দেওয়ার পাশাপাশি সামাজিক ও পারিবারিকভাবে পুনর্বাসনের জন্য সব ধরনের সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।
সূত্র: নিউজ ২৪
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available