• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:২৭:১৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি

নিজস্ব প্র্রতিবেদক: পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের আন্দোলনকে কেন্দ্র করে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।৬ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এ তথ্য নিশ্চিত করেন।এর আগে সকালে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও দ্রুত বাস্তবায়নের দাবিতে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের সরকারি চাকরিজীবীরা রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে তারা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে অগ্রসর হন।বেলা ১১টার দিকে মিছিলটি হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দেয়। আন্দোলনকারীরা ব্যারিকেড অতিক্রম করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাসের শেল, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। তবে কিছু সময় পর আবারও আন্দোলনকারীরা জড়ো হয়ে যমুনা অভিমুখে অগ্রসর হওয়ার চেষ্টা করলে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।বেলা সাড়ে ১১টার পর থেকে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখী সড়কে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয় এবং যমুনার নিরাপত্তায় ছয় প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করে।উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী প্রধান উপদেষ্টার বাসভবনসংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারির ঘোষণা দেন। তিনি বলেন, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।