সিলেটে সড়ক দুর্ঘটনায় ৮ শ্রমিক নিহতের ঘটনায় জামায়াতের শোক
ডেস্ক রিপোর্ট: সিলেটে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ৮ নির্মাণশ্রমিক নিহত ও বহু শ্রমিক আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।৩ মে রোববার সকালে এক বিবৃতিতে তিনি এ শোক জানান।জানা যায়, দক্ষিণ সুরমা উপজেলার তেলিবাজার এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ৮ শ্রমিক নিহত হন এবং আরও বেশ কয়েকজন আহত হন।শোকবার্তায় মিয়া গোলাম পরওয়ার বলেন, জীবিকার তাগিদে কর্মস্থলে যাওয়ার পথে একসঙ্গে এত শ্রমিকের প্রাণহানি অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।তিনি আরও বলেন, দেশে সড়ক দুর্ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। এ ধরনের দুর্ঘটনা রোধে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, যানবাহনের ফিটনেস নিশ্চিত করা এবং চালকদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে দ্রুত তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। একই সঙ্গে আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং নিহত ও আহতদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।