• ঢাকা
  • |
  • রবিবার ১৯শে মাঘ ১৪৩২ বিকাল ০৫:৫৬:২১ (01-Feb-2026)
  • - ৩৩° সে:
খোলা আকাশের নিচেই চলছে শ্রীপুরে কোমলমতিদের পাঠদান

খোলা আকাশের নিচেই চলছে শ্রীপুরে কোমলমতিদের পাঠদান

গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর পৌর এলাকায় একটি শিক্ষা প্রতিষ্ঠানের কক্ষ দখল করে মাজারের সাইনবোর্ড লাগিয়ে দেওয়ার নজিরবিহীন অভিযোগ উঠেছে। উপজেলার চন্নাপাড়া বকুলতলা এলাকায় অবস্থিত ‘মেধা বিকাশ নিকেতন’ স্কুলে এই ঘটনাটি ঘটে। বর্তমানে শ্রেণিকক্ষ সংকটে পড়ে দেড় শতাধিক শিক্ষার্থী খোলা আকাশের নিচে ক্লাস করতে বাধ্য হচ্ছে।​​ভুক্তভোগী স্কুল কর্তৃপক্ষ জানায়, গত শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে একদল লোক অতর্কিতে স্কুল প্রাঙ্গণে প্রবেশ করে। তারা মুহূর্তের মধ্যে স্কুলের সীমানা প্রাচীর গুঁড়িয়ে দেয় এবং তিনটি শ্রেণিকক্ষ নিজেদের নিয়ন্ত্রণে নেয়। রাতেই কক্ষগুলোর সামনে একটি মাজারের সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়। দখলদাররা স্কুলের আসবাবপত্র ও সিসি ক্যামেরা ভাঙচুর করেছে বলেও অভিযোগ উঠেছে।​​প্রত্যক্ষদর্শীরা জানান, শুধু কক্ষ দখলই নয়, শনিবার সকালে দখলকৃত জায়গায় উৎসবমুখর পরিবেশে পিকনিকের আয়োজন করে দখলকারীরা। একদিকে যখন শিক্ষার্থীরা তাদের প্রিয় শ্রেণিকক্ষ হারিয়ে আতঙ্কিত ও হতবাক, অন্যদিকে তখন সেখানে চলছিল আনন্দ-উল্লাস। আজ রবিবার সকালে সরেজমিনে দেখা যায়, শ্রেণিকক্ষ না থাকায় নিরুপায় হয়ে শিক্ষার্থীরা বিদ্যালয়ের মাঠে খোলা আকাশের নিচে ক্লাস করছে।​প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হোসাইন ক্ষোভ প্রকাশ করে বলেন "অভিযুক্ত আতাবুল্লাহ ভাড়াটিয়া লোকবল নিয়ে এসে রাতের আঁধারে আমাদের তিনটি কক্ষ দখল করেছে। তারা সিসি ক্যামেরা ও আসবাবপত্র ভাঙচুর করেছে। কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে আমরা এখন চরম চিন্তিত। এই অমানবিক ঘটনার বিচার চাই।"অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত আতাবুল্লাহ বলেন, "আমরা কোনো কক্ষ দখল বা ভাঙচুর করিনি। এটি আমাদের পৈত্রিক সম্পত্তি। উচ্চ আদালতের রায় অনুযায়ী আমরা জমির মালিকানা পেয়েছি এবং আমরা আমাদের নিজস্ব জমিতেই অবস্থান করছি।"​দিনদুপুরে স্কুল প্রাঙ্গণে বহিরাগতদের এমন বিশৃঙ্খল কর্মকাণ্ডে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। কোমলমতি শিশুদের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে এবং ঘটনার সুষ্ঠু তদন্তে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।