• ঢাকা
  • |
  • সোমবার ৩রা জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০১:৫২:২৬ (18-May-2026)
  • - ৩৩° সে:
বিসিবি নির্বাচন : কাউন্সিলর হলেন মাহমুদউল্লাহ-সুজন

বিসিবি নির্বাচন : কাউন্সিলর হলেন মাহমুদউল্লাহ-সুজন

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে। নির্ধারিত সময় অনুযায়ী গত শনিবার বিকেল ৫টা পর্যন্ত ১৯২ জন কাউন্সিলর পদের বিপরীতে জমা পড়েছে ১৮৪টি কাউন্সিলরশিপ। বাকি ৮টি জেলা ও সংস্থা থেকে কোনো নাম জমা পড়েনি।যেসব জেলা ও সংস্থা এবার কাউন্সিলরশিপ পাঠায়নি, সেগুলোর মধ্যে রয়েছে কুমিল্লা, মুন্সিগঞ্জ, হবিগঞ্জ, কুড়িগ্রাম ও নীলফামারী জেলা ক্রীড়া সংস্থা। এছাড়া কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ আনসার ও ভিডিপি থেকেও কোনো প্রতিনিধি মনোনয়ন দেওয়া হয়নি।প্রকাশিত কাউন্সিলর তালিকায় সবচেয়ে বড় চমক হিসেবে দেখা গেছে জাতীয় দলের সাবেক ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদের নাম। তিনি সাবেক অধিনায়কদের কোটায় সরাসরি কাউন্সিলর হয়েছেন। এছাড়া কাউন্সিলর হয়েছেন খালেদ মাহমুদ সুজন এবং সাবেক প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।প্রতিবারের মতো এবারও তিনটি ক্যাটাগরি থেকে মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। এর মধ্যে ক্যাটাগরি-১ বা জেলা-বিভাগ ক্যাটাগরি থেকে নির্বাচিত হবেন ১০ জন পরিচালক। ক্যাটাগরি-২ বা ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হবেন ১২ জন। আর ক্যাটাগরি-৩, যেখানে শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয়, সরকারি-বেসরকারি সংস্থা এবং সাবেক ক্রিকেটার বা অধিনায়কেরা অন্তর্ভুক্ত, সেখান থেকে নির্বাচিত হবেন একজন পরিচালক।নির্বাচনী তফসিল অনুযায়ী, সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঘোষিত ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ করা হবে। ১৯ মে আপত্তির শুনানি শেষে একইদিন প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।আগামী ২০ ও ২১ মে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ২০ হাজার টাকা (অফেরতযোগ্য) মূল্যে মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে। ২১ ও ২২ মে মনোনয়নপত্র জমা নেওয়া হবে। যাচাই-বাছাই শেষে প্রকাশ করা হবে প্রাথমিক প্রার্থী তালিকা।এছাড়া ২৪ মে মনোনয়ন নিয়ে আপিল গ্রহণ ও শুনানি অনুষ্ঠিত হবে। সবশেষে পোস্টাল ও ই-ভোটের জন্য আবেদন করা যাবে ২৫ মে রাত ১২টা পর্যন্ত। এসব ভোট গ্রহণ চলবে ১ থেকে ৬ জুন পর্যন্ত। তবে ৭ জুন দুপুর ১টার পর আর কোনো পোস্টাল বা ই-ভোট গ্রহণ করা হবে না। এরপর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হবে বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচন।