• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২২শে বৈশাখ ১৪৩৩ সকাল ০৬:৫৮:৪৮ (05-May-2026)
  • - ৩৩° সে:
চৌদ্দগ্রামে সাপের কামড়ে কিশোরের মৃত্যু

চৌদ্দগ্রামে সাপের কামড়ে কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার চৌদ্দগ্রামে সাপের কামড়ে মোহাম্মদ ইমন (১৮) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।১ মে শুক্রবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইমনের মৃত্যুতে পরিবারে শোকের মাতম বইছে। এর আগে, ৩০ এপ্রিল বৃহস্পতিবার রাতে নিহতের বাড়ি সংলগ্ন এলাকায় সাপে কাটার ঘটনা ঘটে। সে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের উত্তর সোনাপুর গ্রামের মো. হারুন মিয়ার ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, ইমন প্রায় প্রতিদিনের মত বৃহস্পতিবার রাত ১০টার দিকে বাড়ির পাশে একটি কালভার্টের উপর বসে মোবাইল চালাচ্ছিলেন। এ সময় বিষাক্ত সাপ এসে তাকে কামড় দেয়। সাপের কামড়কে গুরুত্ব না দিয়ে নিজের মোবাইল চালানোতেই ব্যস্ত থাকে ইমন।একপর্যায়ে তার শারীরিক অবস্থা খারাপের দিকে গেলে পরিবারের লোকজন তাকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. বায়েজিদ জানান, রাত ২টায় ইমন নামে সাপে কাটা এক রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন তার স্বজনরা। তার দেহকে বিষমুক্ত করতে তাৎক্ষণিক অ্যান্টিভেনম প্রয়োগ করা হয়। এরপরও তার অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শুনেছি পরে সেখানে তার মৃত্যু হয়েছে।এ বিষয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বক্তব্যের জন্য একাধিকবার কল দিলেও পাওয়া যায়নি।চৌদ্দগ্রাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন জানান, সাপের কামড়ে কিশোরের মৃত্যুর বিষয়ে কেউ অবহিত করেনি।