দুর্বৃত্তদের গুলিতে মোল্লাহাটে শ্রমিক লীগ নেতা নিহত
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটে দুর্বৃত্তদের গুলিতে শেখ সোহাগ (৪২) নামে শ্রমিক লীগের এক নেতা নিহত হয়েছেন।১৪ মার্চ শনিবার রাতে উপজেলার উদয়পুর ইউনিয়নের গাড়ফা পানের হাটের সামনে এ ঘটনা ঘটে। নিহত সোহাগ শেখ উদয়পুর ইউনিয়নের দৈবকান্দী গ্রামের দাউদ শেখের ছেলে। তিনি মোল্লাহাট উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছিলেন।স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টা ১৫ মিনিটের দিকে দুটি মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত ঘটনাস্থলে এসে শেখ সোহাগকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি সড়কের ওপর লুটিয়ে পড়েন। পরে আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত শেখ সোহাগের গ্রামের বাড়ি মোল্লাহাট উপজেলার সদর ইউনিয়নের উদয়পুর উত্তরকান্দি গ্রামে বলে জানা গেছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।এর আগে গত ৭ মার্চ মোল্লাহাট বাজারে শেখ সোহাগের টিনের দোকানে থাকা কর্মচারী নুর ইসলাম (২৭)কেও দুর্বৃত্তরা গুলি করে। সেদিন তাকেও তিনটি গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নুর ইসলামের বাড়ি মোল্লাহাট উপজেলার কুলিয়া গ্রামে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।পরপর দুটি গুলির ঘটনায় মোল্লাহাট এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রমজানুল হক বলেন, ‘দুর্বৃত্তের গুলিতে সোহাগ শেখ (৪২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।’