• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৫:২৬:১৯ (22-May-2026)
  • - ৩৩° সে:
বিচারের দাবিতে মিরপুরে বিক্ষোভ, সড়ক অবরোধ

বিচারের দাবিতে মিরপুরে বিক্ষোভ, সড়ক অবরোধ

অনলাইন ডেস্ক: ঢাকার মিরপুরে শিশু রামিসা আক্তার (৮) ধর্ষণ ও হত্যার ঘটনায় অভিযুক্তদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে ফের সড়ক অবরোধ করেছেন বিক্ষোভকারীরা।২২ মে শুক্রবার জুমার নামাজের পর মিরপুর-১০ গোলচত্বরে জড়ো হন স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পরে তারা বিক্ষোভ মিছিল বের করে এবং ধর্ষণ ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকেন।এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায়ও একই দাবিতে মিরপুর-১০ থেকে ১২ নম্বর পর্যন্ত সড়ক অবরোধ করা হয়। এতে ওই এলাকায় দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।এর আগে বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে মিরপুর-১১ নম্বর সেকশনের বি ব্লকে রামিসার বাসায় যান প্রধানমন্ত্রী। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, আইনমন্ত্রী আসাদুজ্জামান, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামসহ বিএনপির স্থানীয় নেতারা।গত ১৯ মে মঙ্গলবার সকালে মিরপুর-১১ নম্বরের বি ব্লকের একটি ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ।পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। হত্যার পর মরদেহ গুমের চেষ্টাও করা হয়েছিল। এ ঘটনায় পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানা (৩০) ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ।