বিশ্বকাপে সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
স্পোর্টস ডেস্ক: গোলরক্ষকের ভুলে পাওয়া একমাত্র গোলে বিশ্বকাপে সবার আগে রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে স্বাগতিক মেক্সিকো। ১৯ জুন শুক্রবার গুয়াদালাহারায় দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়েছে তারা।ম্যাচের প্রথমার্ধে দুই দলই গোলের দেখা পায়নি। তবে দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে দক্ষিণ কোরিয়ার গোলরক্ষকের ভুলে এগিয়ে যায় মেক্সিকো, আর সেই গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে।হুলিয়ান কুইনোনেসের ক্রসে রাউল জিমেনেজের হেড আকাশে উঠে গেলে গোললাইন ছেড়ে এগিয়ে আসেন দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক কিম সেউং-গিউ। কিন্তু সহজ বলটি নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হয়ে তিনি বল ফেলে দেন সামনে। সুযোগের অপেক্ষায় থাকা লুইস রোমো তা থেকে সহজেই গোল করেন।ম্যাচে ৫৭ শতাংশ বল দখলে রেখেও একাধিক সুযোগ নষ্ট করে দক্ষিণ কোরিয়া। দুই দলই ৮টি করে শট নেয়। তবে লক্ষ্যে রাখা শটে এগিয়ে ছিল মেক্সিকো (৪টি), কোরিয়ার ছিল ২টি।গোল হজমের পর আক্রমণ বাড়ায় দক্ষিণ কোরিয়া। তবে মেক্সিকোর গোলরক্ষক রাউল রেঞ্জেল দুর্দান্ত পারফরম্যান্সে দলকে এগিয়ে রাখেন। বিশেষ করে ৮৭ মিনিটে চো গু-সাংয়ের পরপর দুটি শট অবিশ্বাস্যভাবে রুখে দেন তিনি।শেষ পর্যন্ত গোল শোধ করতে না পেরে হার নিয়েই মাঠ ছাড়ে দক্ষিণ কোরিয়া। আগামী ২৪ জুন তারা মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার, আর মেক্সিকো খেলবে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে।সূত্র: রয়টার্স