• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই চৈত্র ১৪৩২ রাত ০৯:০৪:৫৩ (26-Mar-2026)
  • - ৩৩° সে:
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মডেল কালিয়া

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মডেল কালিয়া

বিনোদন ডেস্ক: ভারতীয় মডেল ও অভিনেত্রী হর্ষিল কালিয়া সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। জানা গেছে, শুটিং শেষে ওয়াগন আর গাড়ি চালিয়ে বাড়ি ফেরার পথে জয়পুরের মানসরোবর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।পুলিশ সূত্রে জানা যায়, রাত সাড়ে ১১টার দিকে নগর নিগম অফিসের কাছে একটি মোড় ঘোরার সময় তার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা দিয়ে উল্টে যায়।সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গাড়িটি প্রচণ্ড গতিতে ডিভাইডারে আছড়ে পড়ার ফলে হর্ষিল মাথায় মারাত্মক আঘাত পান। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত অভিনেত্রীর বয়স হয়েছিল ৩০ বছর।হর্ষিল কালিয়া ছিলেন অভিনেত্রী, মডেল এবং সাবেক সংবাদ উপস্থাপিকা। তিনি আইআইএস ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে পড়াশোনা করেন এবং ভাতখণ্ডে বিশ্ববিদ্যালয় থেকে কত্থক নৃত্যের প্রশিক্ষণ নেন। বাবার পথ অনুসরণ করে তিনি টেলিভিশন সংবাদ উপস্থাপিকা হিসেবে ক্যারিয়ার শুরু করেন।অভিনয় জীবনে তিনি জিও-হটস্টারের ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজ ‘ক্রাইম নেক্সট ডোর’-এ অভিনয় করে পরিচিতি পান। এছাড়া ‘হাট পাগলি’সহ বেশ কিছু জনপ্রিয় রাজস্থানি ও হিন্দি মিউজিক ভিডিওতে তাকে দেখা গেছে। মডেলিং ক্যারিয়ারে ২০২১ সালে ‘মিস ডিভা রাজস্থান’ প্রতিযোগিতায় তিনি ফার্স্ট রানার-আপ হন এবং ‘মিস পিঙ্ক সিটি’র ফাইনালিস্ট ছিলেন।হর্ষিলের আকস্মিক মৃত্যু তার পরিবার, বন্ধু এবং ফ্যানদের মধ্যে শোকের ছায়া ফেলেছে।