• ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই আষাঢ় ১৪৩৩ রাত ০৮:১৬:৩৩ (19-Jun-2026)
  • - ৩৩° সে:
ফতুল্লায় গার্মেন্টসে বয়লার বিস্ফোরণে আহত ১৫

ফতুল্লায় গার্মেন্টসে বয়লার বিস্ফোরণে আহত ১৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন পাগলা তালতলা এলাকায় অবস্থিত ‘নির্জন গার্মেন্টস’ নামের একটি পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৫ জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় একজন শ্রমিকের মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়লেও বিষয়টি এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।১৯ জুন শুক্রবার সকাল ৮টা ৪০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।বয়লার বিস্ফোরণ এবং কারখানার অভ্যন্তরে দীর্ঘদিনের বিভিন্ন অনিয়মের প্রতিবাদে ক্ষুব্ধ শ্রমিকরা নারায়ণগঞ্জ-ঢাকা পুরাতন সড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখেন।বিক্ষুব্ধ শ্রমিকদের অভিযোগ, বয়লারটিতে ত্রুটি থাকার বিষয়টি আগেই কারখানা কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। কিন্তু মালিকপক্ষের চরম উদাসীনতা ও অসাবধানতার কারণেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।তারা আরও অভিযোগ করেন, কারখানার ভেতরে জরুরি বহির্গমণ ও চলাচলের পথে মালামাল স্তূপ করে রাখা হয়েছিল। ফলে বিস্ফোরণের পর আতঙ্কিত শ্রমিকরা দ্রুত ভবন থেকে বের হতে পারেননি, যার কারণে আহতের সংখ্যা বেড়েছে।ঘটনার পর ক্ষুব্ধ শ্রমিকরা কারখানার পিএম জসিম উদ্দিন ও সুপারভাইজার মনিরকে অবরুদ্ধ করে গণধোলাই দেন। খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।পরে পুলিশ মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয় এবং শ্রমিকরা সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন।গুরুতর আহতদের মধ্যে আরবিন, জাকির, মঞ্জু, শাহীন, জয়, হৃদয়, সাবিনা, খাদিজা, নাসিমা, আল-আমিন ও অন্তরের নাম জানা গেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন বেসরকারি হাসপাতাল এবং ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।এদিকে দুর্ঘটনায় একজন শ্রমিকের মৃত্যুর খবর স্থানীয়ভাবে প্রচার হলেও ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, মৃত্যুর বিষয়টি তিনি নিশ্চিত করতে পারেননি। বিষয়টি যাচাই করা হচ্ছে।ওসি বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনার প্রকৃত কারণ এবং কারখানার নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি ছিল কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে বলে জানা গেছে।