• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩১শে বৈশাখ ১৪৩৩ বিকাল ০৫:০৫:৪৯ (14-May-2026)
  • - ৩৩° সে:
ব্রিকস সম্মেলনে যোগ দিতে ‘মিনাব ১৬৮’ বিমানে দিল্লি পৌঁছালেন আরাগচি

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ‘মিনাব ১৬৮’ বিমানে দিল্লি পৌঁছালেন আরাগচি

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি তিন দিনের সরকারি সফরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত শুরুর পর তেহরান থেকে এটি প্রথম উচ্চপর্যায়ের কূটনৈতিক সফর হিসেবে বিবেচিত হচ্ছে।তিনি মূলত ব্রিকস সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের দুই দিনের বৈঠকে যোগ দিতে ভারতে এসেছেন। সফরের অংশ হিসেবে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেও অংশ নেবেন।দুই দেশের আলোচনায় ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাতের প্রভাব, আঞ্চলিক স্থিতিশীলতা এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ পরিস্থিতি গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান।আরাগচি যে বিমানে দিল্লিতে অবতরণ করেন, সেটির নাম ‘মিনাব ১৬৮’। এটি একটি প্রতীকী নাম, যা ইরানের মিনাব শহরের একটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৬৮ শিক্ষার্থীর স্মরণে রাখা হয়েছে বলে জানানো হয়েছে।বৈঠকে হরমুজ প্রণালীর নিরাপত্তা পরিস্থিতি নিয়েও আলোচনা হতে পারে। বিশ্বের মোট তেল সরবরাহের একটি বড় অংশ এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়। এ কারণে এর স্থিতিশীলতা আন্তর্জাতিক জ্বালানি নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।ভারত বর্তমানে ব্রিকসের সভাপতির দায়িত্ব পালন করছে। এবারের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এই বৈঠক আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য শীর্ষ সম্মেলনের প্রস্তুতিমূলক অংশ। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে সদস্য দেশগুলোর মধ্যে মতপার্থক্য থাকায় একটি যৌথ বিবৃতি প্রকাশ নিয়ে চ্যালেঞ্জ তৈরি হয়েছে।ব্রিকস বৈঠকের ফাঁকে আরাগচি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন। ইরান আশা করছে, ব্রিকস জোট উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদার এবং বৈশ্বিক অর্থনৈতিক কাঠামোতে ভারসাম্য আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।সূত্র: এনডিটিভি