আইপিএলে রিল সংস্কৃতি বন্ধে বিসিসিআইয়ের কড়া নির্দেশনা
স্পোর্টস ডেস্ক : আইপিএল চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যমে অনিয়ন্ত্রিত কনটেন্ট তৈরির প্রবণতা ঠেকাতে কঠোর নির্দেশনা জারি করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। নতুন এই নির্দেশনার আওতায় শুধু খেলোয়াড় বা ক্লাব কর্মকর্তারাই নন, তাদের পরিবারের সদস্য, সম্প্রচারকর্মী এবং ফ্র্যাঞ্চাইজির আশপাশে কাজ করা কনটেন্ট নির্মাতারাও থাকছেন নজরদারিতে।বোর্ড জানিয়েছে, এখন থেকে টুর্নামেন্ট চলাকালে যত্রতত্র ছবি বা ভিডিও ধারণ এবং পোস্ট করা নিরুৎসাহিত করা হবে। বিশেষ করে রিল বা পর্দার আড়ালের ভিডিও কনটেন্টের মাধ্যমে সংবেদনশীল তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা থেকেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়াকে বিসিসিআইয়ের একটি সূত্র জানায়, চলতি মৌসুমেই কয়েকজন ধারাভাষ্যকারের বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ উঠেছে। এক সাবেক আন্তর্জাতিক ক্রিকেটারকে ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে ডাগআউটের পাশে মোবাইলে ভিডিও ধারণ করতে দেখা যায়। পরে বিসিসিআই তাকে দ্রুত রেকর্ডিং বন্ধ করার নির্দেশ দেয়।এছাড়া নিজের ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও ধারণ করা আরেক সাবেক ক্রিকেটারের বিরুদ্ধেও আইনি নোটিশ পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে।বোর্ডের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, বিসিসিআই বা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অফিসিয়াল পোশাক পরে কাউকে মাঠে ভিডিও ধারণ করতে দেখা গেলে তা নিয়ম লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।