• ঢাকা
  • |
  • শনিবার ৭ই চৈত্র ১৪৩২ রাত ০৯:০৯:২৯ (21-Mar-2026)
  • - ৩৩° সে:
বাংলাদেশের বিপক্ষে সিরিজ বাতিল করল আয়ারল্যান্ড

বাংলাদেশের বিপক্ষে সিরিজ বাতিল করল আয়ারল্যান্ড

স্পোর্টস ডেস্ক: লজিস্টিক ও আর্থিক সীমাবদ্ধতার কারণে বাংলাদেশের বিপক্ষে নির্ধারিত সিরিজ বাতিল করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। চলতি বছরের জুলাই-আগস্টে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আয়ারল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের।ক্রিকেটভিত্তিক জনপ্রিয় মাধ্যম ইএসপিএন ক্রিকইনফো এক প্রতিবেদনে জানিয়েছে, আর্থিক ও লজিস্টিক জটিলতার কারণেই সিরিজটি আয়োজন সম্ভব হচ্ছে না। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কিছু জানায়নি আইরিশ বোর্ড।বিসিবির একটি সূত্র জানায়, সিরিজটি নিয়ে শুরু থেকেই কিছুটা অনিশ্চয়তা ছিল। এর আগে জুন মাসে নিজেদের মাঠে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই সিরিজ শেষে আয়ারল্যান্ড সফরের পরিকল্পনা ছিল।সম্প্রতি গ্রীষ্মকালীন সূচি প্রকাশ করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। সেখানে বাংলাদেশের বিপক্ষে সিরিজ না থাকায় বিষয়টি স্পষ্ট হয়। পরে নিশ্চিত হওয়া যায়, সিরিজ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে আইরিশ বোর্ড।এদিকে বাংলাদেশ সিরিজ বাতিল হলেও ব্যস্ত সূচি রয়েছে আয়ারল্যান্ডের। ভারত ক্রিকেট দল, আফগানিস্তান ক্রিকেট দল ও নিউজিল্যান্ড ক্রিকেট দলের বিপক্ষে খেলবে তারা। এর মধ্যে মে মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি চারদিনের ম্যাচ এবং জুনে ভারতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারতের সফরে যাবে আইরিশরা।বাংলাদেশের জন্য এই সিরিজ বাতিল হওয়ায় জুলাই-আগস্ট সময়ে আন্তর্জাতিক সূচিতে কিছুটা ফাঁকা তৈরি হলো। ফলে পরবর্তী সিরিজ খেলতে টাইগারদের অপেক্ষা করতে হবে প্রায় দেড় মাস।