নিউইয়র্কে শিশু যৌন নির্যাতনের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেফতার
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির কুইন্সে শিশু যৌন নির্যাতনের অভিযোগে এক বাংলাদেশি বংশোদ্ভূত ইমামকে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, কুইন্সের জ্যামাইকা এলাকার সাটফিন বুলেভার্ডে অবস্থিত মসজিদ বিলাল কুইন্স ইসলামিক সেন্টারে ঘটে এই ঘটনা।অভিযুক্ত ৬৫ বছর বয়সী তাজুল ইসলাম ওই মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন।অভিযোগ অনুযায়ী, গত ২১ ও ২৭ এপ্রিল মসজিদের ভেতরে পৃথক দুটি ঘটনায় দুই ১০ বছর বয়সী মেয়ে শিশুর ওপর যৌন নির্যাতন চালানো হয়। কুইন্স চাইল্ড অ্যাবিউজ স্কোয়াড এ ঘটনার তদন্ত করে এবং ২৭ এপ্রিলই অভিযুক্তকে গ্রেফতার করে।কুইন্স ক্রিমিনাল কোর্টে দায়ের করা মামলায় তাজুল ইসলামের বিরুদ্ধে প্রথম ডিগ্রির যৌন নির্যাতন, জোরপূর্বক স্পর্শ এবং শিশুর কল্যাণ বিপন্ন করার মতো গুরুতর ১২টি অভিযোগ আনা হয়েছে।২৮ এপ্রিল আদালতে হাজির হয়ে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। তবে আদালত তার জামিন ২৫ হাজার ডলার নগদ অথবা সমপরিমাণ বন্ডে নির্ধারণ করেছেন। একই সঙ্গে ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি সুরক্ষা আদেশ জারি করা হয়েছে।গণমাধ্যম দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন।এদিকে, নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আরও ভুক্তভোগী থাকতে পারে বলে তারা আশঙ্কা করছে। এ কারণে যাদের কাছে তথ্য রয়েছে, তাদের ২১২-২৬৭-৭২৭৩ অথবা ক্রাইম স্টপার্সের ১-৮০০-৫৭৭-৮৪৭৭ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।ঘটনাটি প্রকাশের পর নিউইয়র্কের বাঙালি অধ্যুষিত এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া ও সমালোচনা সৃষ্টি হয়েছে।