• ঢাকা
  • |
  • রবিবার ৩রা ফাল্গুন ১৪৩২ দুপুর ০২:০২:০৪ (15-Feb-2026)
  • - ৩৩° সে:
সমালোচনার জবাব দিলেন ফয়েজ আহমদ তৈয়্যব

সমালোচনার জবাব দিলেন ফয়েজ আহমদ তৈয়্যব

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করা ফয়েজ আহমদ তৈয়্যব দাবি করেছেন, দায়িত্ব পালনকালে তিনি এক টাকাও দুর্নীতি করেননি। শেষ কর্মদিবসে সহকর্মীরা গান গেয়ে তাকে বিদায় জানিয়েছেন বলেও তিনি জানান নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে।১৩ ফেব্রুয়ারি শুক্রবার সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জার্মানির উদ্দেশে রওনা হন তিনি। শনিবার বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে আলোচনা শুরু হয়। পরে রাতে দেশত্যাগের কারণ ব্যাখ্যা করে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন ফয়েজ আহমদ তৈয়্যব।পোস্টে তিনি জানান, ৮, ৯ ও ১০ ফেব্রুয়ারি আইসিটি বিভাগ, পিটিডি ও বিটিআরসি থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন। ১০ ফেব্রুয়ারি ছিল তার শেষ কর্মদিবস। ওই দিন কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ফেয়ারওয়েল ডিনারে অংশ নেন এবং সহকর্মীরা গান গেয়ে তাকে বিদায় জানান।তিনি আরও লিখেছেন, নির্বাচনের দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন এবং প্রযুক্তিনির্ভর নির্বাচনী আয়োজনেও তার অবদান ছিল। দায়িত্ব পালন করতে গিয়ে ব্যক্তিগতভাবে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলেও উল্লেখ করেন তিনি। বিদায়ের সময় সহকর্মীদের প্রশ্নের জবাবে ভবিষ্যতে দ্রুত একটি চাকরি খুঁজবেন বলে জানান।পরিবারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ছেলের স্কুল-সংক্রান্ত বিষয় ও স্ত্রীর চিকিৎসাজনিত প্রয়োজন থাকায় ছুটি নিয়ে পরিবারের কাছে যাচ্ছেন। রিটার্ন টিকিট কাটা আছে বলেও উল্লেখ করেন তিনি। দীর্ঘ সময় পরিবারকে সময় দিতে না পারায় এখন কিছুদিন বিশ্রাম নেওয়ার প্রয়োজন রয়েছে বলে জানান।ফয়েজ আহমদ তৈয়্যব দাবি করেন, দায়িত্ব পালনকালে তিনি মন্ত্রণালয়ে নতুন ব্যবস্থাপনা, প্রযুক্তি ও স্বচ্ছতা আনার চেষ্টা করেছেন এবং পুরোনো আইন ও নীতিমালা সংস্কারে কাজ করেছেন। প্রয়োজনে কোনো পেশাদার গবেষণা সংস্থা বা অডিট ফার্ম দিয়ে তার কর্মকাণ্ড যাচাই করার আহ্বান জানান তিনি।দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি, আমি এক টাকাও দুর্নীতি করিনি।” কিছু মহল তার বিরুদ্ধে কুৎসা রটিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।পোস্টের শেষাংশে তিনি দ্রুত নতুন চাকরি খুঁজে স্বাভাবিক জীবনে ফেরার কথা জানান এবং দেশের জন্য কাজ করতে গিয়ে ব্যক্তিগতভাবে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন বলেও উল্লেখ করেন।